Monday, January 30, 2017

৫ বছর পর আলেপ্পোয় ফিরল ফুটবল

সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত শহর আলেপ্পোতে পাঁচ বছর পর শনিবার প্রথম একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ওই ডার্বি ফুটবল ম্যাচে স্থানীয় আল-ইত্তিহাদ দল তাদের প্রতিপক্ষ হুররিয়াকে ২-১ গোলে পরাজিত করে। তবে এই হারকে ছাপিয়ে সামনে এসেছে আলেপ্পোতে ফুটবল ফিরে আসা। তাই দুই দলের সমর্থকদের কাছে ম্যাচের তাৎপর্য ছিল অনকে বেশি। ২০১১ সালে আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ দেশের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ভাগ হয়ে যাওয়ার পর থেকে আর কোনো পেশাদার ফুটবল ম্যাচ হয়নি। কিন্তু গত মাসে ব্যাপক এক অভিযান চালানোর পর সরকার পুরো শহরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরে পেয়েছে। মাঠের ঘাস ছিল বাদামি- শীতের রেশ তা পুরোপুরি কাটিয়ে উঠে এখনও সতেজ হতে পারেনি। স্টেডিয়ামটি যে যুদ্ধের বোমাবর্ষণে বিধ্বস্ত,
তা বুঝতেও কোনো অসুবিধা হয়নি। গত কয়েক বছর ধরে শহরের ওপর দিয়ে কী ধরনের ঝড়ঝাপ্টা গেছে তার ইঙ্গিত হিসেবে স্টেডিয়ামের স্ট্যান্ডে ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এক বিরাট ব্যানার। তবে এসবের কিছুই প্রভাব ফেলতে পারেনি ফুটবল ম্যাচের প্রতিদ্বন্দ্বিতায়। দাঙ্গা-দমনকারী পুলিশ বাহিনীও পুরোপুরি প্রস্তুত হয়ে সাইডলাইনে দাঁড়িয়ে ছিল। তবে তাতে দর্শকদের উৎসাহে ভাঁটা পড়েনি, ড্রামের আওয়াজে আর নিজের দলের পতাকা নেড়ে তারা পুরো স্টেডিয়াম মাতিয়ে রেখেছিলেন। ইত্তিহাদ দলের স্ট্রাইকার ওমর হামিদি বলেন, 'পাঁচ বছর পর শহরের বুকে আবার ফুটবল খেলতে নামার অনুভূতিটা কেমন তা বলে বোঝানো যাবে না। আমার তো হৃদস্পন্দন অনেক জোরে জোরে হচ্ছে!' আলেপ্পোতে আবার ফুটবল শুরু হওয়ায় সিরিয়ার ফুটবল লীগের সাংগঠনিক সমস্যা কিছুটা দূর হবে বলে ধারণা করা হচ্ছে। এতদিন তারা শুধু দেশের দুটো শহরেই ম্যাচ আয়োজন করতে পারছিল।

No comments:

Post a Comment