দুই
মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া
চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে আদালতের
উদ্দেশে রওনা হন খালেদা। বেলা ১১টার কিছু আগে তিনি বকশীবাজারে স্থাপিত
বিশেষ আদালতে পৌঁছান। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার
কর্মকর্তা শামসুদ্দিন দিদার সাংবাদিকদের একথা জানান। ২০১০ সালের ৮ আগস্ট
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা
জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ।
ওই মামলার অপর
আসামিরা হলেন—খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের
তখনকার সহকারী একান্ত সচিব ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের
(বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল
ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল
ইসলাম খান। অন্যদিকে, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩
টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরো একটি মামলা করে দুদক। মামলায় খালেদা
জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন—মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী
সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের
সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
ভাগ্নে মমিনুর রহমান।

No comments:
Post a Comment