ঘন
কুয়াশার কারণে পাটুরিয়া- দৌলতদিয়া রুটে শনিবার দিবাগত রাত ১২টা থেকে ফেরি
সার্ভিস বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক
(বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, ফেরি বন্ধ থাকায় পদ্মার দুই প্রান্তে শত
শত যানবাহনে হাজার হাজার যাত্রী আটকে রয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে
পাটুরিয়া- দৌলতদিয়ার পদ্মার অববাহিকায় ঘন কুয়াশা বাড়তে থাকে। কুয়াশার
প্রকোপ এতোটাই বেশী যে নিকটবর্তী কোনও কিছুই যেন দেখা কষ্ট সাধ্য ছিল।
দুর্ঘটনা এড়াতে অবশেষে ফেরিচলাচল বন্ধ রাখা হয়। ফেরি সংশ্লিষ্ট সূত্র মতে,
রাত ১২টার দিকে কুয়াশার কারণে মাঝ পদ্মায় আটকা পড়ে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে
চলাচলকারী ফেরি হাসনা হেনা, চন্দ্র মল্লিকা আর গোলাম মওলা নামের তিনটি
ফেরি। রোববার সকাল ৭টা পর্যন্ত শত শত যানবাহন কুয়াশার বন্দিদশা থেকে মুক্ত
হতে পারেনি। একইভাবে পাটুরিয়া ঘাটে আটটি ফেরি যানবাহন বোঝাই করে নোঙর করে
আছে। অন্যদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আরও ৫টি ফেরি কুয়াশার কারণে নোঙর করে
আছে। শনিবার দিবাগত রাতে আসা কয়েক শত যাত্রীবাহী কোচে হাজার হাজার যাত্রী
পদ্মা নদীর মাঝখানে আর ঘাটের দু'প্রান্তে ফেরি পারের অপেক্ষায় আটকে আছে।
ফেরি সেক্টরে ওই দায়িত্বশীল কর্মকর্তা জানান, কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি
চলাচল শুরু হবে। দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া
ঘাট এলাকায় হাজারো যানবাহনের জট লেগে আছে।

No comments:
Post a Comment