কুষ্টিয়ার
ভেড়ামারায় সিএনজিচালিত অটোরিকশাকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে দু'জন
নিহত ও অপর দু'জন আহত হয়েছেন। বুধবার দিনগত রাত ১২টার দিকে
কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়া শহরের বড় বাজার চেতন্য পল্লীর বাসিন্দা ইন্দোলালের
ছেলে বিজয় লাল (২৮) ও মুন্না লালের ছেলে মাসুম লাল (২৭)। বিজয় কুষ্টিয়া
জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লিনার পদে এবং মাসুম কুষ্টিয়া ওজোপাডিকোতে
ক্লিনার পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত দু'জন হলেন, জয়নাল ও সেবা। তাদের
কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই সিএনজির যাত্রী।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, রাতে শহরের বড়বাজার চৈতন্য পল্লী
থেকে বিয়ের লগন নিয়ে সিএনজিযোগে ঈশ্বরদী যাচ্ছিলেন বিজয় লাল, মাসুম লাল ও
সেবা। ভেড়ামারার বারোমাইল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী
ট্রাক তাদের সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় সিএনজির সব আরোহীই
রাস্তায় ছিটকে পড়েন। এদের মধ্যে ঘটনাস্থলেই বিজয় লাল ও মাসুম লালের মৃত্যু
হয়। পরে স্থানীয়রা সিএনজিচালক জয়নাল ও সেবাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল
হাসপাতালে ভর্তি করে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল
জব্বার জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে।

No comments:
Post a Comment