সাবেক
প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের মৃত্যুতে বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে
উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ থাকবে। তবে মরহুমের নামাজে জানাজা হওয়ার
আগে অর্থাৎ বেলা ১১টায় পর্যন্ত সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের
বিচার কার্যক্রম চলবে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল
ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার ভোরে
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এম এম রুহুল আমিন
(৭৪)। সিঙ্গাপুর থেকে সকালে তার মরদেহ দেশে পৌঁছেছে। বেলা ১১টায়
সুপ্রিমকোর্টের গার্ডেন প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এতে
বিচারপতি ও আইনজীবীরা অংশগ্রহণ করবেন। বিচারপতি এম এম রুহুল আমিন ২০০৮
সালের ১ জুন থেকে ২০০৯ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে
দায়িত্ব পালন করেন। ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন
রুহুল আমিন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এমএ এবং ১৯৬৬ সালে এলএলবি
ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৬৭ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন তিনি। ১৯৮৪
সালে জেলা ও দায়রা জজ হন। ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের
বিচারপতি হন রুহুল আমিন। ২০০৩ সালের ১৩ জুলাই আপিল বিভাগের বিচারপতি হিসেবে
নিয়োগ পান তিনি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে
রুহুল আমিন ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

No comments:
Post a Comment