Sunday, January 15, 2017

ব্যক্তিগত কোনো কিছুই গানের ওপর প্রভাব ফেলবে না

ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমা। পরে একের পর এক নতুন গান উপহার দিয়ে শ্রোতামহলে নিজের জায়গা প্রতিষ্ঠা করে নিয়েছেন এ তারকা। ব্যক্তিগত কারণে মাঝে প্রায় ৬ বছর গানে অনিয়মিত ছিলেন তিনি। সম্প্রতি আবারও গানে পুরোদমে সরব হয়েছেন। আজ তার জন্মদিন। বিশেষ এ দিনটি নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলছেন তিনি
*আজকের দিনটি ঘিরে পরিকল্পনা কী?
**দিনের শুরুতে তেমন কোনো পরিকল্পনা নেই। সকালে আরটিভির একটি অনুষ্ঠানে থাকব সরাসরি। ভক্তদের সঙ্গে কথা হবে। সেখান থেকে বাসায় ফিরে মেয়েকে নিয়ে সময় কাটাব। বিকালে গুলশানে একটি পার্টির আয়োজন করেছি সেখানে সবার সঙ্গে থেকে বাকি সময় আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।
*এর আগে এমন ঘটা করে জন্মদিন পালন করেননি...
**পারিবারিক কারণে প্রায় ছয় বছর গানে অনিয়মিত ছিলাম। অনেকের সঙ্গে যোগাযোগ হয়নি। তাই সবার সঙ্গে আবার দেখা হবে, তাদের দোয়া নিয়ে সব নতুন করে শুরু করব সে জন্যই মূলত এ আয়োজন।
*ছোটবেলার জন্মদিনের কথা কিছু মনে আছে কী?
**আমি গ্রামে বড় হয়েছি। সেখানে জন্মদিন ছিল খুব স্বাভাবিক একটি বিষয়। তাই ছোটবেলার কথা ঘটা করে বলার মতো কিছু পাচ্ছি না। আজ থেকে ১০ বছর পর হয়তো বলতে পারব জন্মদিনের স্মৃতি। তবে বড় হওয়ার পর একটা ঘটনা খুব মনে পড়ে।
*সেটি কি পাঠকদের জন্য বলা যায়?
**২০০৭ সালে সালমা হিসেবে প্রতিষ্ঠা পর পাওয়া জন্মদিনে ভক্তদের অনেক উপহার এসেছে আমার বাসায়। শুধু তাই নয়, আমার স্টুডিওতে অনেক উপহার এসেছে। বিভিন্ন মাধ্যমে শ্রোতারা শুভেচ্ছা জানিয়েছেন। সেই জন্মদিনের কথা এখনও মনে পড়ে। এত সারপ্রাইজে অনেক খুশি হয়েছিলাম তখন।
*পারিবারিক কারণে ভক্তরা কোনোভাবে বঞ্চিত হবে কী?
**আমি গানকে ভালোবাসি কিন্তু একটা সময় ছিল যখন গানের চেয়ে বেশি একজনকে ভালোবাসতাম। তাই গান থেকে অনেক দিন দূরে ছিলাম। কিন্তু এখন সময়টা অনেক পরিবর্তন হয়েছে। নতুন করে সব কিছু শুরু করেছি। ব্যক্তিগত কোনো কিছুই আর গানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না।

No comments:

Post a Comment