যুক্তরাষ্ট্রের
ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক গোপন তথ্য ফাঁসের দায়ে ৩৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত
চেলসি এলিজাবেথ ম্যানিংয়ের ২৮ বছরের দণ্ড মওকুফ করেছেন প্রেসিডেন্ট বারাক
ওবামা। আগামী ২০ জানুয়ারি ক্ষমতা ত্যাগের মাত্র তিন দিন আগে স্থানীয় সময়
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ম্যানিংয়ের সাজা কমানোর
আদেশ দেন বারাক ওবামা। এ আদেশের ফলে চলতি বছরের ১৭ মের মধ্যে মুক্তি পাবেন
কানসাস অঙ্গরাজ্যের ফোর্ট লেভেনওর্থ কারাগারে বন্দি ম্যানিং। মার্কিন
সেনাবাহিনীতে গোয়েন্দা তথ্য বিশ্লেষক হিসেবে কর্মরত ছিলেন ম্যানিং। ২০১০
সালে বাগদাদে কর্মরত অবস্থায় উইকিলিকসের কাছে গোপন তথ্য তুলে দেন তিনি। ওই
বছরেই ম্যানিংকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাত লাখ ৫০ হাজার পৃষ্ঠার
নথিপত্র ও ভিডিও ফাঁস করে দেয়ার অভিযোগে বিচার শুরু হয়। অভিযোগ প্রমাণিত
হওয়ায় ২০১৩ সালে ম্যানিংকে ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। এরপর তাকে পাঠানো হয়
কানসাসের ফোর্ট লেভেনওর্থ কারাগারে। এদিকে কারাভোগকালে ম্যানিং নিজেকে
নারী ঘোষণা করে কারাগারের পুরুষ ওয়ার্ডে থাকতে আপত্তি জানান। লিঙ্গ
পরিবর্তনের জন্য হরমোন চিকিৎসার দাবিতে ২০১৫ সালে একদফা অনশন করেন তিনি।
এরপর গত বছর কারাগারে দু'বার আত্মহত্যার চেষ্টা করেন। পাশাপাশি লিঙ্গ
পরিবর্তনের জন্য ফের অনশন শুরু করেন ম্যানিং। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে
লিঙ্গ পরিবর্তনের অনুমতি দেয়া হলে গত ডিসেম্বর মাসে ব্রাডলি এডওয়ার্ড
ম্যানিং থেকে চেলসি এলিজাবেথ ম্যানিংয়ে পরিণত হন তিনি। এদিকে
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক তথ্য ফাঁস করলেও তাকে
'হুইসেলব্লোয়ার' আখ্যা দিয়ে তার মুক্তির দাবি জানায় মার্কিনীরা। এজন্য
হোয়াইট হাউজে এক লাখেরও বেশি স্বাক্ষর সম্বলিত আবেদনও জমা পড়ে। এর
প্রেক্ষিতেই প্রেসিডেন্ট বারাক ওবামা সাজা কমানো ও মওকুফের চূড়ান্ত
কাজগুলোর আওতায় ম্যানিংয়েল সাজা মওকুফ করেন। ওবামার এই সিদ্ধান্তে উচ্ছ্বাস
প্রকাশ করেছেন ম্যানিংয়ের আইনজীবী ডেভিড কুম্বস। তিনি বলেন, ওবামার
ঔদার্যে চেলসি ও আমি কৃতজ্ঞ। তবে ম্যানিংকে সাজা মওকুফের সিদ্ধান্তকে '
ভয়ানক' আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার পল
রায়ান। ম্যানিংয়ের বিরুদ্ধে মার্কিনীদের জীবনকে বিপন্ন করে তোলার অভিযোগ
করেন তিনি।

No comments:
Post a Comment