ঘন
কুয়াশার কারণে দীর্ঘ সময় পর নৌপথে যান চলাচল শুরু হয়েছে। সাড়ে ১০ ঘণ্টা পর
যান চলাচল শুরু হয়েছে শিমুলিয়া-কাওরাকান্দি ও শরীয়তপুর-চাঁদপুর নৌপথে। আর
আট ঘণ্টা পর শুরু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে। শুক্রবার রাত ১২টার পর
থেকে শিমুলিয়া-কাওরাকান্দি ও শরীয়তপুর-চাঁদপুর রুটে নৌচলাচল বন্ধ হয়ে যায়।
আর রাত দেড়টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌচলাচল বন্ধ হয়ে যায়। সকালে
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শরীয়তপুর-চাঁদপুর
নৌপথের ব্যবস্থাপক এস এম ইমরান আহমেদ জানান, শুক্রবার রাত ১২টা থেকে
শরীয়তপুর-চাঁদপুর ও শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
দুই পারে শত শত গাড়ি পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। বিআইডব্লিউটিসির
দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, গতরাত দেড়টা থেকে
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে নৌকা, ফেরি, লঞ্চসহ সব
ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। দুই ঘাটে প্রায় এক হাজারেরও বেশি গাড়ি আটকা
ছিল। কুয়াশা কমে আসায় সকাল সাড়ে ৯টার দিকে নৌচলাচল আবার শুরু হয়েছে।

No comments:
Post a Comment