
জার্মান
চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল ‘সর্বনাশা’ ভুল করেছেন। তিনি ১০ লক্ষাধিক
শরণার্থীকে জার্মানিতে প্রবেশ করতে দিয়ে এমন ভুল করেছেন বলে মন্তব্য করেছেন
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, শরণার্থী
ইস্যুতে যে ক্ষোভ রয়েছে তাতে আরো দেশ ইউরোপীয় ইউনিয়ন ছাড়বে। এ খবর দিয়েছে
অনলাইন বিবিসি। এতে বলা হয়, অ্যাঙ্গেলা মারকেলের ইস্যুতে ট্রাম্প বলেছেন,
তিনি হলেন ইউরোপের অতি গুরুত্বপূর্ণ নেত্রী। জার্মানির জন্য ইউরোপীয় ইউনিয়ন
পরিণত হয়েছে একটি বাহনে। বৃটেনের দ্য টাইমস ও জার্মানির বিল্ড পত্রিকাকে
দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। ওই সাক্ষাৎকারে তিনি তার
পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেন। ট্রাম্প বলেন, বাকি বিশ্বের সঙ্গে, বিশেষ করে
চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতির বিষয়টিতে নজর দেবে যুক্তরাষ্ট্র। তার
প্রশাসনের জোরালো বিষয় হবে মুক্ত বাণিজ্যের পরিবর্তে স্মার্ট বাণিজ্য। দ্য
টাইমস পত্রিকার জন্য তার সাক্ষাৎকারটি নেন বৃটিশ এমপি মাইকেল গভ। মাইকেল গভ
ব্রেক্সিট গণভোটে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে মূল ভূমিকা পালনকারীদের
অন্যতম। তিনি দ্য টাইমস পত্রিকায় নিয়মিত কলামও লেখেন। তিনি নিউ ইয়র্কে
ট্রাম্প টাওয়ারে যখন ওই সাক্ষাৎকার নেন তখন ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার
একটি ছবিও পোস্ট করেছেন টুইটারে। সাক্ষাৎকারে রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়ে
প্রশ্ন করা হলে ডনাল্ড ট্রাম্প বলেন, এমন চুক্তির ক্ষেত্রে পারমাণবিক
অস্ত্র হবে চুক্তির অংশ। যুক্তরাষ্ট্রকে যদি রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অবরোধ
প্রত্যাহার করতে হয় তাহলে তার বিনিময়ে রাশিয়াকে পারমাণবিক সক্ষমতা
উল্লেখযোগ্যভাবে কমাতে হবে। মধ্যপ্রাচ্য ইস্যুতে ডনাল্ড ট্রাম্প ২০০৩ সালে
ইরাক আগ্রাসনের নিন্দা জানান। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে
সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল ইরাক আগ্রাসন। তিনি বলেন, সিরিয়ার ভেতরে সৃষ্টি
করা উচিত ছিল সেফ জোন। তার জন্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেসব
মিত্র আছে তার জন্য তাদের অর্থ খরচ করা উচিত ছিল। ওই সাক্ষাৎকারে ট্রাম্প
আরো বলেছেন, বৃটেনের জন্য ব্রেক্সিট হলো একটি স্মার্ট সিদ্ধান্ত।
যুক্তরাষ্ট্র ও বৃটেনের মধ্যে বাণিজ্যিক চুক্তি খুব শিগগিরই হবে বলে মনে
করেন তিনি। ন্যাটোকে তিনি অপ্রচলিত বলে আখ্যায়িত করেন। বলেন, তবে এটা আমার
কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে অন্য সদস্যদের তাদের যথাযথ ফি পরিশোধ করা
উচিত। ট্রাম্প বলেন, আমি এ যাবৎ যতগুলো চুক্তি দেখেছি তার মধ্যে সবচেয়ে
নির্বোধ চুক্তিগুলোর মধ্যে অন্যতম ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি। ইরাক
যুদ্ধ সম্পর্কে তিনি বলেন, আমার কাছে এ যুদ্ধকে মনে হয় মৌচাকে ঢিল ছোড়ার
মতো।
>>>মানবজমিন
No comments:
Post a Comment