Sunday, January 1, 2017

স্ত্রীর প্রেমিকের হাতে ব্রাজিলে গ্রিক রাষ্ট্রদূত খুন

ব্রাজিলে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূত কিরিয়াকস আমিরিদিসকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির রিও ডি জেনেরিওর উত্তরাঞ্চলে পুড়ে যাওয়া একটি গাড়ি থেকে রাষ্ট্রদূতের দগ্ধ লাশ উদ্ধার করা হয়।
এদিকে রাষ্ট্রদূতের লাশের সন্ধান পাওয়ার পর ব্রাজিলের খ্যাতনামা গ্লোবো টিভি জানায়, ব্রাজিলেরই এক পুলিশ কর্মকর্তা আমিরিদিসকে হত্যা করেছেন। ২৯ বছর বয়সী সার্জিও মোরেইরা নামের ওই পুলিশ কর্মকর্তা রাষ্ট্রদূতের ব্রাজিলীয় বংশোদ্ভূত স্ত্রী ৪০ বছর বয়সী ফ্রানকোয়িস ডি সুজার প্রেমিক। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, পুলিশ কর্মকর্তা মোরেইরা রাষ্ট্রদূত আমিরিদিসকে হত্যার কথা স্বীকার করেছেন। তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে গ্লোবো টিভি আরও জানিয়েছে, ফ্রানকোয়িস ও মোরেইরা মিলে আগে থেকেই এ হত্যার পরিকল্পনা করেছিলেন। যদিও স্ত্রী ফ্রাঙ্কোইস হত্যার কথা অস্বীকার করেছেন। আমিরিদিসের স্ত্রী এবং আসামি পুলিশ কর্মকর্তা থানা হেফাজতে আছেন। তাদের সঙ্গে মোরেইরার ২৪ বছর বয়সী এক বোন রয়েছেন হত্যার ব্যাপারে মোরেইরাকে সহায়তা করেছেন। ৫৯ বছর বয়সী গ্রিসের রাষ্ট্রদূত গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন।
বুধবার তার ব্রাজিলীয় বংশোদ্ভূত স্ত্রী ফ্রানকোয়িস স্থানীয় পুলিশের কাছে তার হারানোর খবর লিপিবদ্ধ করেন। এই দম্পতির ১০ বছর বয়সী একটি মেয়েসন্তান আছে। গ্লোবো টিভির খবরে জানা যায়, রাষ্ট্রদূতের নিখোঁজের তদন্তে নেমে পুলিশ তার স্ত্রীর প্রেমিকের কথা জানতে পারে। এর পর রিও ডি জেনেরিওর পুলিশ কর্মকর্তা সার্জিও মোরেইরার স্বীকারোক্তির ভিত্তিতেই আমিরিদিসের লাশ উদ্ধার করেন। তবে এ বিষয়ে রিও ডি জেনেরিওর পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তাদের কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্রাজিলের গ্রিস দূতাবাস কর্তৃপক্ষও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্তরাতোস ইফথেমিওসও জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের কোনো মন্তব্য নেই।

No comments:

Post a Comment