Saturday, January 14, 2017

মাটিতেই পা মুশফিকের

দু’জন মিলে প্রায় সারাটা দিন ব্যাটিং করেছেন। সাকিব আল হাসানের সঙ্গে গড়েছেন ৩৫৯ রানের রেকর্ড জুটি। মুশফিকুর রহিম নিজে খেলেছেন ১৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ সাত ইউকেটে ৫৪২। অধিনায়ক হওয়ায় নিজের ইনিংসের চেয়ে দলের এমন শক্ত অবস্থানে বেশি তৃপ্ত মুশফিক। তবে স্বপ্নময় এক দিনের শেষে মাটিতেই রয়েছে তার পা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখলেও কাজটা যে এখনও বাকি, সেটা মনে করিয়ে দিলেন মুশফিক, ‘মাত্র দুই দিনের খেলা শেষ হল। এখনও তিনদিন ও তিন ইনিংস বাকি। দীর্ঘ পথ পাড়ি দিতে হবে আমাদের। তবে এখন পর্যন্ত যা হয়েছে তাতে সবাই খুশি। এই উইকেটে নিয়ন্ত্রিত বোলিং করতে পারলে নিউজিল্যান্ডের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যাবে।’ কাল সেঞ্চুরির পর পকেট থেকে একটি কয়েন বের করে ড্রেসিংরুমের দিকে উঁচিয়ে ধরেছিলেন মুশফিক। দিন শেষে সংবাদ সম্মেলনে সেই উদযাপনের প্রসঙ্গ উঠতেই হাসি মুখে মুশফিক জানালেন, ‘উদযাপনের ওটা তেমন কিছু না। কৃতিত্বটা তামিমের। এটা ওর আর আমার মাঝেই ছিল। আল্লাহর রহমতে এটা হয়েছে। আল্লাহ চেয়েছেন বলে আর ওর একটা দৃঢ় বিশ্বাস ছিল এতটুকুই।’ মুশফিক আর তামিমের মাঝে কি ছিল, সেটা খোলাসা করলেন না অধিনায়ক। তবে সেটি আর চাপা থাকেনি। জানা গেছে, ক’দিন আগে একটি কয়েন পড়ে গিয়েছিল মুশফিকের পকেট থেকে।
তামিম কুড়িয়ে নিয়ে বলেছিলেন পকেটে রেখে দিতে। ওই কয়েন পকেটে রাখলেই নাকি মিলবে রান! বিশ্বের অনেক ক্রিকেটারই মানেন কোনো না কোনো কুসংস্কার। তামিমের কথা শুনে মুশফিক কয়েন পকেটে রেখেই করেছেন ব্যাটিং। সেঞ্চুরির পর তাই সেটি দেখাচ্ছিলেন তামিমকেই। এই কয়েন নিশ্চয়ই আপাতত আর পকেটছাড়া করতে চাইবেন না মুশফিক। রেকর্ড জুটির সঙ্গী সাকিবের ব্যাটিং নিয়ে মুশফিকের মূল্যায়ন। ‘সাকিবের সেরা ব্যাটিং কি না? তা তো অবশ্যই। ও যেভাবে ব্যাটিং করেছে তাতে আমার কখনও মনে হয়নি ও কোনো সমস্যায় আছে।’ ‘নিউজিল্যান্ড যে কয়টা পরিকল্পনা করেছে ও সব কয়টায় খুব ভালোভাবে উতরে গেছে, পাল্টা আক্রমণ করেছে। দেখে মনে হয় নাই একশ’, দুইশ’ রান করছে, কোনো আবেগই নেই। একদম স্বাভাবিক ব্যাট তুলতেও চাচ্ছে না, এমন অবস্থা!’ সাকিবের ব্যাট থেকে এসেছে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইংনিস। একজন ২১৭ রানের ইনিংস খেলেছেন, অন্যরা সহায়তা করেছেন, অধিনায়ক হিসেবে ব্যাটসম্যানদের কাছে তো এটাই চাওয়ার। ‘একজন যখন রান করে, দিন শেষে সেটা দলেরই রান। আর অধিনায়ক হিসেবে আপনি সব সময়ই চাইবেন, ব্যক্তিগত একজন যত বেশি সম্ভব রান করুক। সেদিক থেকে অনেক খুশি।’ ‘বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বড় রানের ইনিংস খেলেছে, ওকে অভিনন্দন। আশা করব, ভবিষ্যতে আরও যারা খেলোয়াড় আছে তারাও বড় বড় ইনিংস খেলবে।’

No comments:

Post a Comment