একটি
হত্যা মামলায় গ্রেফতার কামরাঙ্গীরচরের দুই শিশুকে মামলা নিষ্পত্তি না হওয়া
পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও
বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, দুই
শিশুর বয়স নির্ধারণ না করে পুলিশ তাদের কারাগারে পাঠিয়ে আইনের বরখেলাপ
করেছে। এর আগে আদালতের নিদেশে সকালে ওই দুই শিশুকে হাজির করা হয়। আদালতে
দুই শিশুদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল হালিম।
রাষ্ট্রপক্ষে
ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। গত বছরের ২৪ নভেম্বর
'লাশের পরিচয় মেলেনি, খুনি সন্দেহে ২ শিশু গ্রেফতার' শিরোনামে জাতীয় দৈনিকে
একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে
রিট করেন চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল
হালিম। গত ২৯ নভেম্বর হাইকোর্ট ওই দুই শিশুর বয়স নির্ণয় করা হয়েছে কিনা সে
বিষয়ে একটি প্রতিবেদন দিতে নির্দেশ দেন। সেই আদেশ মোতাবেক গত ৪ জানুয়ারি
লালবাগের ডিসি ও কামরাঙ্গীচরের ওসি আদালতে প্রতিবেদন দাখিল করেন। সেই
প্রতিবেদনের ওপর শুনানি শেষে আদালত দুই শিশুকে হাজিরের নির্দেশ দেন।

No comments:
Post a Comment