পাকিস্তানের
উত্তর-পশ্চিমাঞ্চলে উপজাতি অধ্যুষিত একটি জনাকীর্ণ কাঁচাবাজারে বোমা
বিস্ফোরণের ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং ৪০ আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার
ভোরে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন প্রত্যন্ত কুররম এলাকার প্রধান শহর
পারাচিনারের কাঁচা বাজারে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। বোমা বিস্ফোরণের পর
বাজারটিতে নিহতদের লাশ পড়ে থাকতে এবং আহত মানুষদের বাঁচার জন্য আহাজারি
করতে দেখার কথা জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী আশিম হোসেইন। তিনি বলেন,
সেখানে আহত মানুষদের হাসপাতালে নেয়ার মতো কোনো অ্যাম্বুলেন্স নাই। স্থানীয়
লোকজন তাদের পিকআপ এবং ট্রাকে করে আহতদের হাসপাতালে নিয়েছেন। এদিকে এক
বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টারের মাধ্যমে আহতদের
ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। ঘটনার ব্যাপারে পাকিস্তান জাতীয় পরিষদের
স্থানীয় সদস্য সাজিদ হোসাইন তুরি বলেন, ভোরে স্থানীয়রা বাজারে উপস্থিত হলে
টমেটোর স্তুপে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, বিস্ফোরণের
ঘটনায় নিহত স্থানীয় উপজাতির ২১ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। তাদের নামাজে
জানাযার পরে হামলার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে বলে জানান তিনি। এদিকে
ঘটনার পর কুররমের আরেক কর্মকর্তা সবজালি খান সাংবাদিকদের জানিয়েছিলেন, একজন
আত্মঘাতী হামলাকারী বাজারটিতে বিস্ফোরণ ঘটিয়েছেন। পারাচিনারে আগে তালেবান
যোদ্ধাদের তৎপরতা ছিল। এছাড়া সুন্নী ও শিয়া সম্প্রদায়ের মধ্যে গোষ্ঠীগত
উত্তেজনা বিরাজ করছিল।

No comments:
Post a Comment