সুনামগঞ্জের
তাহিরপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও অপহরণের চেষ্টা
চালিয়েছে তিন যুবক। এ ঘটনায় দোষীদের বিচার দাবিতে স্থানীয় পুলিশ ফাঁড়ি
ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছে উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ছাত্রীটিকে উদ্ধার
করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় তিন বখাটের বিচার
চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ছাত্রীর পিতা।
জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে নির্যাতনের শিকার ছাত্রীটির পথরোধ করেন
মানিগাঁও গ্রামের ফরিদ মিয়ার ছেলে হুমায়ুন কবীর (২১) তার সহযোগী একই
গ্রামের ফিরুর ছেলে জালাল উদ্দিন (২০) ও অজ্ঞাতনামা এক মোটরসাইকেল চালক।
পথরোধের পর বখাটেরা গলায় ছুরি ঠেকিয়ে ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা চালায়।
এতে বাধা দিলে তিন বখাটে মিলে ওই ছাত্রীকে সড়কে ফেলে বেধড়ক মারধর করে ও
শ্লীলতাহানী ঘটায়। এসময় ছাত্রী ও তার সঙ্গে থাকা এক সহপাঠীর চিৎকারে
স্থানীয়রা এগিয়ে আসলে তিন যুবক পালিয়ে যায়। এ খবর জানাজানি হলে বিদ্যালয়ের
শিক্ষার্থীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ক্লাস বর্জন করে
বিক্ষোভ মিছিল নিয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ঘেরাও করে। সকাল সাড়ে ১০টা থেকে
দুপুর ১২টা পর্যন্ত ঘেরাও কর্মসূচি চলে। পরে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ২৪
ঘণ্টার মধ্যেই দোষীদের ধরার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ঘেরাও কর্মসূচি
প্রত্যাহার করে নেয়। তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর যুগান্তরকে
বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। দোষীদের
ধরার চেষ্টা চলছে।

No comments:
Post a Comment