বাংলাদেশের
জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে তথ্য প্রযুক্তি আইনের একটা মামলায়
গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। সানির বান্ধবীর করা এক অভিযোগের
ভিত্তিতে ঢাকার উপকণ্ঠে আমিনবাজারের গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়
বলে জানাচ্ছে পুলিশ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামালউদ্দীন
মীর বলেন, তার বান্ধবী (তার নামটি গোপন রাখা হচ্ছে) গত ৫ জানুয়ারি
তথ্যপ্রযুক্তি আইনে এই মামলাটি করেন। তার অভিযোগ, সানি ফেসবুকে তার
বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং অশ্লীল ছবি প্রচার করছেন।
অভিযোগকারীর
সাথে সানির প্রেমের সম্পর্ক ছিল বলেও উল্লেখ করেন জামালউদ্দীন মীর। পুলিশ
বলছে, এই অভিযোগের ভিত্তিতে আটকের পর থানায় এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ
করা হয়েছে আরাফাত সানিকে। তবে জিজ্ঞাসাবাদে সানি কী বলেছেন তদন্তের
স্বার্থে তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান জামালউদ্দীন। এখন তাকে আদালতে
হাজির করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য
পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানাচ্ছে পুলিশ। আরাফাত সানি
বাংলাদেশের জাতীয় দলভুক্ত ক্রিকেটার হলেও চলমান নিউজিল্যান্ড সফরে তিনি
দলে নেই। মূলতঃ একজন স্পিন বোলার হিসেবে খেলেন তিনি। তিনি বাংলাদেশ জাতীয়
দলের হয় ১৬টি এক দিনের আন্তর্জাতিক এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
তিনি ভারতের অনুষ্ঠিত বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে
খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে তিনি বাংলাদেশে প্রিমিয়ার লিগের দল রংপুর
রাইডার্সের হয়ে খেলেন।
সূত্র : বিবিসি বাংলা
সূত্র : বিবিসি বাংলা

No comments:
Post a Comment