রাজধানীর
পূর্ব নাখালপাড়ায় শুক্রবার দুপুরে স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেছে গৃহবধূর
শরীর। দগ্ধ আখলিমা বেগম আঁখি (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন
ইউনিটে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের ১৫ শতাংশ পুড়ে
গেছে। মুখ, গলা, শ্বাসনালিসহ শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়েছে। ঘটনার পর
তার মাদকাসক্ত স্বামী আবদুল কুদ্দুস পালিয়েছে। আখলিমা বেগম আঁখি যুগান্তরকে
বলেন, ছেলেরা জুমার নামাজ পড়তে মসজিদে চলে যায়। এ সময় কুদ্দুস একটি কাপে
করে এসিড এনে তার গায়ে ছুড়ে মারে। আঁখি চিৎকার শুরু করলে দৌড়ে পালিয়ে যায়
সে। খবর পেয়ে আঁখির ভাই ইমানুর রহমান ইমন এসে তাকে উদ্ধার করে প্রথমে
মহাখালী মেট্টোপলিটন হাসপাতাল এবং পড়ে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে নিয়ে আসেন। আঁখি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব
নাখালপাড়ায় ২৩৯ নম্বর বাড়ির দোতলায় ভাড়া থাকেন তারা। তাদের ৩ ছেলে ও এক
মেয়ে আছে। তার স্বামী আবদুল কুদ্দুস ইয়াবার নেশায় আসক্ত।
প্রতিদিন সে ১৫
থেকে ২০টি ইয়াবা সেবন করে। আঁখির বড় ভাই ইমনের কাছ থেকে ২ লাখ টাকা এনে দুই
বছর আগে স্বামী আবদুল কুদ্দুসকে মালয়েশিয়া পাঠিয়েছিলেন। সেখানে গিয়েও সে
আয়-রোজগার করতে পারেনি। ৬-৭ মাস আগে সে দেশে চলে আসে। এরপর আখলিমা তার
বাবার কাছ থেকে আরও দুই লাখ টাকা এনে স্বামী আবদুল কুদ্দুসকে দেন ব্যবসা
করার জন্য। এ টাকাও সে নেশা আর জুয়া খেলে নষ্ট করে।

No comments:
Post a Comment