Tuesday, January 31, 2017

ভারতে টেস্ট খেলতে মুখিয়ে ইমরুল

ভারতে একমাত্র টেস্টে ইমরুল কায়েসকে খেলানো নিয়ে চিন্তায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ড সফরে বাঁ ঊরুতে চোট পাওয়া এই বাঁ-হাতি ব্যাটসম্যানের যদি আবার টান লাগে তাহলে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে। নির্বাচকরা তাকে নিয়ে সাবধান নীতিতে চলার চেষ্টা করছেন। তবে ভারত সফরের আগেই নিজেকে ফিট করে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইমরুল। মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে কিছুক্ষণ সাইক্লিং করার পর মাঠে মন্থর গতিতে দৌড়ান তিনি। পরে নিজের চোট সম্পর্কে জানান সাংবাদিকদের। তিনি বলেন, ‘আগের মতো ব্যথা নেই। সাইক্লিং করলাম, রানিং করলাম, কোনো ব্যথা হয়নি।
ডাক্তারের সঙ্গে কথা বললাম। টেস্ট ৯ ফেব্রুয়ারি থেকে। টেস্ট শুরুর আগে ফিট হয়ে যাব।’ আগামীকাল বাংলাদেশ দলের খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা। ফিজিওর রিপোর্টের ওপরই ইমরুলের ভারত যাওয়া নির্ভর করছে। ইমরুল বলেন, ‘প্রতিটি খেলোয়াড় এমন সিরিজ খেলতে মুখিয়ে থাকেন। এমন জায়গায় আমরা খুব বেশি খেলতে পারি না। বারবার সুযোগ আসে না। এত বড় সুযোগ সবাই পেতে চায়। ভারতে যাওয়া নির্ভর করছে আমার আর ফিজিওর ওপর। ফিজিও যদি ফিটনেস নিয়ে ভালো খবর দেন, তাহলে হয়তো ভারত সফরে যাব।’ ৫ ফেব্রুয়ারি ভারতের ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ শুরু হবে। ভারত সফরে নাম থাকলেও এ ম্যাচে ইমরুলের খেলার সম্ভাবনা খুবই কম। তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচে খেলার ব্যাপারটাও ফিজিওর ওপর নির্ভর করছে। তিনি যদি ভালো বলেন, তবে খেলব। এখনও চার-পাঁচদিন সময় আছে। একদিন অনুশীলন করলে আরও ভালো কিছু হবে। আমি ফিট হয়ে উঠব।’

No comments:

Post a Comment