Saturday, January 21, 2017

দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ

ক্রাইস্টচার্চে শেষ টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। পেসার ও স্পিনারদের তাণ্ডবে চাপে ছিল নিউজিল্যান্ড। সকালে প্রথম সেশনে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটি যখন ৪৫ রানের সংগ্রহ দাঁড় করান তখন জোড়া আঘাত হানেন কামরুল ইসলাম রাব্বি। এক ওভারে শিকার করেন দুটি উইকেট। ফিরে যান রাভেল এবং উইলিয়ামসন। দ্বিতীয় সেশনে থিতু দুই ব্যাটসম্যানকে বিদায় করেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। টম ল্যাথাম ও রস টেলর জুটি যখন নিউজিল্যান্ডকে অনুকূলে নিয়ে যাচ্ছিলেন। তখন এ জুটির ভাঙন ধরান তাসকিন আহমেদ।
ব্যক্তিগত ৬৮ রানে সাজঘরে ফিরেন ল্যাথাম। এরপর দুর্ধর্ষ টেলরকে ৭৭ রানে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। আর তৃতীয় সেশনে ৯ বলের মধ্যে সাকিব আল হাসানের ৩ উইকেট চাপে ফেলে নিউজিল্যান্ডকে। প্রথম মাইকেল স্যান্টনার ও হেনরি নিকোলস জুটির ভাঙন ধরান তিনি। সাজঘরে ফেরান স্যান্টনারকে। এই জুটির সংগ্রহ ছিল ৭৫ রান। ব্যক্তিগত ২৯ রানে সাকিবের বলে এলবিডব্লিউ হন স্যান্টনার। নিজের পরের ওভারে জোড়া আঘাত হানেন সাকিব। তার ঘূর্ণির শিকার হন দুই কিউই ব্যাটসম্যান ওয়াটলিং ও গ্র্যান্ডহোম। দ্রুত তিন উইকেটের পতনে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় বাংলাদেশের হাতে। তবে বৃষ্টির হানায় আগেভাগেই শেষ হয় খেলা। ৭ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৬০ রান। তৃতীয় দিন নির্ধারিত সময়ের ২৩ মিনিট আগে খেলা শুরু হবে। ক্রাইস্টচার্চের স্থানীয় সকাল ১০টা ৩৭ মিনিট অর্থাৎ বাংলাদেশ সময় ভোর রাত ৩টা ৩৭ মিনিটে মাঠে নামবে দুই দল।

No comments:

Post a Comment