প্রকাশিত
হয়েছে চলতি বছরের অস্কারের পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা। মঙ্গলবার ৮৯তম অস্কার
পুরস্কারের চূড়ান্ত মনোনয়নের এ তালিকা প্রকাশ করা হয়। এ মনোনয়নের
ভিত্তিতেই ২৬ ফেব্রুয়ারি জিমি কিমেলের উপস্থাপনায় সেরা সিনেমা,
অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকসহ অন্যদের বেছে নেয়া হবে হলিউডের ডলবি
থিয়েটারে।
এবার ১৪টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে ডেমিয়েন শ্যাজেলের
‘লা লা ল্যান্ড’। সেরা পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীতসহ ১৪টি
ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে এমা স্টোন ও রায়ান গসলিং
অভিনীত এ মিউজিক্যাল রোমান্স। লা লা ল্যান্ড ছাড়াও সেরা সিনেমা, পরিচালক,
অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীত মিলিয়ে পুরস্কারের জন্য যে সিনেমাগুলোর নাম
বারবার ওঠে আসছে সেগুলোর মধ্যে রয়েছে ‘মুনলাইট’, ‘অ্যারাইভাল’, ‘হ্যাক্স
রিজ’, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ও ‘ফেন্সেস’। ৮টি ক্যাটাগরিতে মনোনয়ন
পেয়েছে ‘মুনলাইট’ ও ‘অ্যারাইভাল’ ছবিটি। এবার সেরা সিনেমার পুরস্কারের জন্য
লড়ছে ‘লা লা ল্যান্ড’ ‘মুনলাইট’, ‘অ্যারাইভাল’, ‘হ্যাক্স রিজ’,
‘ম্যানচেস্টার বাই দ্য সি’, ‘ফেন্সেস’, ‘হিডেন ফিগারস’, ‘লায়ন’ ও ‘হেল এন্ড
হাই ওয়াটার’। সেরা অভিনেতা পুরস্কারের জন্য প্রতিযোগিতা করছেন রায়ান গসলিং
(লা লা ল্যান্ড), কেসি অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি), ডেনজেল
ওয়াশিংটন (ফেন্সেস), অ্যান্ড্র– গারফিল্ড (হ্যাক্স রিজ) ও ভিগোমরটেনসেন
(ক্যাপটেন ফ্যান্টাসটিক)। সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে লড়ছেন নাটালি
পোর্টম্যান (জ্যাকি), এমা স্টোন (লা লা ল্যান্ড),
ইসাবেল হার্পার্ট (এলি),
মেরিল স্ট্রিপ (ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স) ও রুথ নেগা (লাভিং)। পার্শ্ব
চরিত্রে সেরা অভিনেতার পুরস্কারের জন্য লড়বেন- মাহেরশালা আলি (মুনলাইট),
জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সি),
দেব প্যাটেল (লায়ন) ও মাইকেল শ্যানন (নকটার্নাল অ্যানিম্যালস)। পার্শ্ব
চরিত্রে সেরা অভিনেত্রীর তালিকায় আছেন- ভায়োলা ডেভিস (ফেন্সেস), মিশেল
উইলিয়ামস (ম্যাঞ্চেস্টার বাই দ্য সি), অক্টাভিয়া স্পেন্সার (হিডেন ফিগারস),
নাওমি হ্যারিস (মুনলাইট) এবং নিকোল কিডম্যান (লায়ন)। সেরা অ্যানিমেশন ছবির
তালিকায় স্থান পেয়েছে ‘জুটোপিয়া’, ‘মোয়ানা’, ‘দ্য রেড টার্টেল’, ‘কুবো
এন্ড দ্য টু স্ট্রিংস’ ও ‘মাই লাইফ এজ এ জুকিনি’। এছাড়াও সেরা পরিচালক,
সঙ্গীত, চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, ভিজ্যুয়াল ইফেক্ট, মেকআপ, কস্টিউমসহ
বিভিন্ন ক্যাটাগরিতে বছরের সেরা চলচ্চিত্রগুলো পুরস্কৃত করা হবে। এদিকে
‘লায়ন’ সিনেমায় শেকড় খুঁজে ফেরা এক ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয়র ভূমিকায়
অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার পুরস্কারের জন্য মনোনীত
হয়েছেন ‘স্লামডগ মিলিওনিয়ার’ খ্যাত তারকা দেব প্যাটেল।

No comments:
Post a Comment