Sunday, January 8, 2017

ড্যান কোটসকে জাতীয় গোয়েন্দা পরিচালক ঘোষণা ট্রাম্পের

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাবেক সিনেটর ড্যান কোটসকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। শনিবার এক বিবৃতিতে কোটসকে নিয়োগের এ ঘোষণা দেন ট্রাম্প। ওই বিবৃতিতে কোটসের উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, কোটস দৃঢ় নেতৃত্ব এবং অবিরাম নজরদারির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিকল্পনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার প্রশাসনকে সাহায্য করবেন। এদিকে এক বিবৃতিতে কোটস জানিয়েছন আমেরিকাকে নিরাপদ রাখার বিষয়টি তার কাছে সবচেয়ে প্রাধান্য পাবে। এ জন্য নিজের সর্বোচ্চ ক্ষমতা কাজে লাগানোর কথা বলেন তিনি। বর্তমানে মার্কিন সিনেটের গোয়ন্দা কমিটিতে থাকা কোটসের নিয়োগের বিষয়টি চূড়ান্ত হতে সিনেটের অনুমোদন লাগবে। এরপর তিনি বর্তমান গোয়েন্দা পরিচালক জেমস ক্লাপারের স্থলাভিষিক্ত হবেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ার হামলার পর জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ সৃষ্টি করা হয়। তিনি মার্কিন প্রেসিডেন্টের গোয়েন্দা তথ্য বিষয়ক প্রধান উপদেষ্টা হিসেবে সিআইএসহ যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধায়ন করেন। শুক্রবার প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক যৌথ প্রতিবেদনে জানানো হয়েছিল, গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ী করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে হ্যাকিংয়ের ঘটনা ঘটে। পরদিন শনিবার কট্টর রুশ বিরোধী ড্যান কোটসকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দেন ট্রাম্প। কোটস ১৯৬০ এর দশকে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।পরে তিনি রাজনীতিতে যোগ দেন। ইন্ডিয়ানা থেকে ১৯৮১ সালে কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হন। ১৯৮৯ সালে তিনি সিনেটর হন। সিনেট থেকে ১৯৯৮ সালে পদত্যাগের কয়েক বছর পরে জার্মানিতে মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত হন কোটস। ২০১০ সালে ফের সিনেটের নির্বাচিত হন তিনি। তবে গত নভেম্বরের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি।

No comments:

Post a Comment