Thursday, January 12, 2017

ওবামার বিদায়ী ভাষণে ছোট মেয়ে না থাকায় গুঞ্জন

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্থানীয় সময় মঙ্গলবার রাতে শিকাগোর লেকফ্রন্ট কনভেনশন সেন্টারের ম্যাককরমিক প্লেসে বিদায়ী ভাষণ দেন। তার বিদায়ী ভাষণের সময় স্ত্রী মিশেল ওবামা, বড় মেয়ে মালিয়া উপস্থিত থাকলেও ছিল না ছোট মেয়ে সাশা। এ নিয়ে নানা ধরনের কথা চাউড় হলেও মূলত পরীক্ষা থাকার কারণেই বাবার বিদায়ী ভাষণে উপস্থিত থাকতে পারেনি সাশা।
প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ভাষণ দিচ্ছিলেন তখন বড় মেয়ে মালিয়া বিদায়ী ফার্স্ট লেডি মিশেল ওবামার কাছেই বসা ছিল। মেয়েদের উদ্দেশে ওবামা বলেন, তোমরা স্মার্ট এবং সুন্দরী, কিন্তু তার চেয়ে বড় কথা হল তোমরা দয়ালু এবং চিন্তাশীল। তাছাড়া তোমরা পুরোপুরি পেশাদার। গত কয়েক বছর তোমরা স্পটলাইটে থাকার বিরক্তি ভালোভাবেই সামলেছ। ওবামা বলেন, আমি আমার জীবনে যা কিছু করেছি, তাতে আমি যতটা না গর্বিত, তোমাদের বাবা হতে পেরে আমি তার চেয়েও বেশি গর্বিত। এদিকে বিদায়ী ভাষণে সাশাকে না দেখে অনেকেই ইন্টারনেট ঘেঁটেছেন। কোনো একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, সাশা সম্ভবত সন্ত্রসবিরোধী মিশনে আছে অথবা নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যাক্স রিটার্নের খোঁজ করছে। তবে ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, সকালে পরীক্ষা থাকার কারণে সাশা বাবার বিদায়ী ভাষণে উপস্থিত থাকতে পারেনি। সাশা (১৫) মর্যাদাপূর্ণ ডিসি প্রাইভেট স্কুলে পড়ছে। সিএনএন।

No comments:

Post a Comment