জাতীয়
সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে মঙ্গলবার সকাল থেকে
শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত
একটানা ভোট গ্রহণ চলবে। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার
সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি। এদিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী
ছাড়া অন্য যে দুই প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন তাদের অবস্থান তেমন একটা
সুবিধাজনক অবস্থায় না থাকায় নির্বাচনে ভোটারদের মধ্যেও নেই তেমন কোন
উৎসাহ-উদ্দীপনা।
এ উপ-নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন তিন প্রার্থী আওয়ামী
লীগের হাসান ইমাম খান সোহেল হাজারি (নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট
(বিএনএফ) এর প্রার্থী আতাউর রহমান খান (টেলিভিশন) ও ন্যাশনাল পিপলস্
পার্টির (এনপিপি) প্রার্থী ইমরুল কায়েস (আম)। আওয়ামী লীগ প্রার্থীর পোলিং
এজেন্ট সকল কেন্দ্রে থাকলেও অন্য দুই প্রার্থীর কোনো এজেন্ট কেন্দ্রে দেখা
যায়নি। সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম জানান, কালিহাতী উপজেলার
দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে দুই লাখ ৯০ হাজার ৫৫জন।
এরমধ্যে নারী ভোটার এক লাখ ৪৬ হাজার ৮০০ এবং পুরুষ ভোটার এক লাখ ৪৩ হাজার
২৫৫জন। উপজেলার ১০৭টি ভোট কেন্দ্রের ৬৬১টি বুথে ভোটগ্রহণ চলছে। গত ২০১৫
সালের ১লা সেপ্টেম্বর সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের কারণে
এই আসনটি শূন্য হয়।

No comments:
Post a Comment