নাটোরের
বাগাতিপাড়ায় উৎসবের দিনে বই পেলো না তৃতীয় শ্রেণীর ২ হাজার ৭শ’
শিক্ষার্থী। বই না পেয়ে হতাশ হয়ে ফিরেছে তারা। ক্ষোভ প্রকাশ করেছে
অভিভাবকরাও। জেলার শিক্ষা বিভাগ থেকে বলা হয়েছে, সরবরাহ না পাওয়ায় তৃতীয়
শ্রেণীর এসব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারেনি তারা। জানা যায়,
বছরের শুরুর দিনে উপজেলার ৫৬টি প্রাথমিক বিদ্যালয়, ২৭টি কিন্ডার গার্টেন
এবং মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই তুলে দেয়া হয়
শিক্ষার্থীদের হাতে।
এ উপলক্ষে আয়োজন করা হয় উপজেলায় বই উৎসবের। নাটোর-১
আসনের সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম প্রধান অতিথি থেকে বাগাতিপাড়া বালিকা
উচ্চ বিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করেন। যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
বই না পাওয়া তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বাঁধন, মিমি, ইমন, তিথি জানায় সবাইকে
বই দিলেও তাদের কোনো নতুন বই দেয়া হয়নি। বাবা-মাকে সঙ্গে নিয়ে অনেক
আগ্রহভরে বই নিতে এসে খালি হাতে ফিরছে তারা। তাদের অভিভাবকরা বলেছেন, বই না
পেয়ে শিশুরা হতাশ হয়েছে। কবে নাগাদ তাদের হাতে বই দেয়া হবে তাও জানাতে
পারছে না কর্তৃপক্ষ। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম
বলেন, সরবরাহকারীরা সময়মতো বই পৌঁছাতে না পারায় চাহিদা অনুযায়ী তৃতীয়
শ্রেণীর ২ হাজার ৭শ’ শিক্ষার্থীর সব বই এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ইসলাম
শিক্ষা বই শিক্ষার্থীদের হাতে দেয়া যায়নি। বিষয়টি অধিদপ্তরকে জানানো হয়েছে।
তবে চলতি সপ্তাহের মধ্যে হয়তো তারা সব বই পেয়ে যাবে।

No comments:
Post a Comment