বিএনপি
আবার ক্ষমতায় এলে প্রতিহিংসা পরায়ন হবে না বলে দাবী করেছেন বিএনপির স্থায়ী
কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, নিরপেক্ষ যোগ্য সার্চ কমিটি গঠন
প্রক্রিয়া বানচাল হলে জনগণ তা মেনে নেবে না। নিরপেক্ষ যোগ্য সাহসী
নির্বাচন কমিশন গঠনের জন্য যে ব্যক্তিগুলোকে খুঁজে বের করতে হবে, সে জন্য
যোগ্য-নিরপেক্ষ সার্চ কমিটি দরকার। সেই প্রস্তাবই আমাদের নেত্রী দিয়েছেন
একটা ১৩ দফা প্রস্তাবের মাধ্যমে।
এটাকে বানচাল করার চেষ্টা আমি বিশ্বাস করি
জনগণ গ্রহন করবে না। অতএব জনগণের স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে,
জবাবদিহিতামূলক দায়বদ্ধ একটা নির্বাচিত সরকার গঠনের স্বার্থে আমাদের
নেত্রীর ১৩ দফা মানা হোক এবং একটা নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করা হোক
মহামান্য রাষ্ট্রপতির কাছে এই আহবান জানাচ্ছি। আজ সোমবার দুপুরে এক আলোচনা
সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব বলেন। জাতীয় প্রেস
ক্লাবের সভা কক্ষে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে
এই আলোচনা সভা হয়। উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি কোকো মালয়েশিয়ার
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক বলেছেন, আমরা যে রাষ্ট্রপতির সাথে দেখা করলাম, সেখানে কার নাম
দিয়েছি আমরা। আমাদের মহাসচিব সাহেব এর জবাব দিয়েছেন। আমাদের এক নেতা
সঙ্গতভাবে বলেছেন, যে কী বদ উদ্দেশ্যে, যে কথা শুধুই রাষ্ট্রপতি জানার কথা,
সেই কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতে পারেন, প্রকাশ করতে পারেন।
কথাটা মিথ্যা। অথবা কথাটা সত্যও হতো, তার জানার কথা না, তার বলার কথা না,
তারপরও বলছেন। তিনি বলেন, তাদের মধ্যে এক ধরণের অস্থিরতা-ভীতি কাজ করছে।
আজকের পত্রিকায় আছে, ক্ষমতায় হারালে জানে বাঁচবেন না তার দলের লোকজনের
প্রতি। যার জন্য তারা এই ধরণের কথা বলছেন। এতো ভয়ে আছেন যে, এধরণের অনুভুতি
তারা পাবলিকলি ব্যক্ত করছেন। এধরণের কথা কখন বলেন তারা? বিএনপির এই নেতা
বলেন, জনগণের সমর্থনে ও আল্লাহর মেহেরবানীতে বিএনপি আবার যদি ক্ষমতায় আসে
আমাদের নেত্রী বলেছেন, আমরা প্রতিহিংসা পরায়ন হবো না। আওয়ামী লীগের মতো
জিয়ার নাম থাকলেই সেটা ভেঙে ফেলতে হবে, মুছে ফেলতে হবে, সেটা বদলে দিতে
হবে, জিয়া পরিবারের সবাইকে বিপদাপন্ন করতে হবে- এই ধরণের প্রতিহিংসা আমাদের
মধ্যে থাকবে না। সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে
আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী
সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ফারজানা লিলি, আবুল কালাম আজাদ
প্রমুখ বক্তব্য রাখেন।

No comments:
Post a Comment