Sunday, January 8, 2017

হাড়ে চিড় ধরা পড়েছে মাশরাফির

হোয়াইটওয়াশের যন্ত্রণার সাথে আরো এক যন্ত্রণা যুক্ত হলো বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য। আরো একবার ইনজুরির শিকার হলেন অধিনায়ক মাশরাফি মুর্তজা। কবজির হাড়ে চিড় ধরা পড়েছে তার। রঙিন পোশাকে আজই সফরের শেষ ম্যাচ খেললেন মাশরাফি। সকালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বল করেন মাশরাফি। তার ফুল টস বলে সজোরে সোজা ব্যাট চালিয়েছিলেন কোরি অ্যান্ডারসন। ফলো থ্রুতে ঝাঁপিয়ে বলটি ঠেকানোর চেষ্টা করেন মাশরাফি।
বল হাতের তালুতে লেগে ছিটকে যায়। তখনই ব্যথায় ককিয়ে উঠেন তিনি। ফিজিও তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে যান মাশরাফি। ওভারের শেষ চারটি বলে করেছেন মোসাদ্দেক। ড্রেসিংরুমে প্রাথমিক চিকিৎসা হিসেবে বরফ লাগিয়ে বসে ছিলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের পর তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। স্ক্যান করানোর পর চিড় ধরা পড়ে। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানা না গেলেও চিড় ধরার ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে দলের একটি সূত্রে। কত দিন মাশরাফিকে বাইরে থাকতে হবে, অস্ত্রোপচার লাগবে কি না, তা শিগগিরই জানা যাবে। বর্তমান সূচিতে আগামী মে মাসের আগ পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে বা টি-টোয়েন্টি নেই।

No comments:

Post a Comment