ফরিদপুরের
ভাঙা উপজেলার একটি স্বর্ণের দোকান থেকে রাম প্রসাদ মালো নামের এক যুবকের
ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত যুবকের বাড়ি উপজেলার চৌধরীকান্দা গ্রামে। তার পিতার নাম মৃত্যু সুকচান
মালো। ভাঙা বাজারের নিউ সাগর জুয়েলার্সের দোকানে কাজ করতেন তিনি। আগামী ৩০
জানুয়ারি মাদারীপুরের মোস্তাফাপুরে তার বিয়ে করার কথা ছিল।
দোকানের মালিক
স্বপন কর্মকার জানান, রাম প্রসাদ দোকানে ঘুমাতো। মঙ্গলবার সকাল ১০টার দিকে
দোকান বন্ধ দেখে এবং ভেতরে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান জানান, খবর পেয়ে দোকানের সাটার
ভেঙে রাম প্রসাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে কী কারণে রাম প্রসাদ
মারা গেছে, তা জানা যায়নি। বিষয়টি রহস্যজনক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ
কর্মকর্তা।

No comments:
Post a Comment