Saturday, January 14, 2017

শহীদ মিনার পরিষ্কার করল সংস্কৃতিকর্মী-শিক্ষার্থীরা

সংস্কৃতিকর্মী ও তাদের সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিলে পরিষ্কার করল শহীদ মিনার। হাতে ঝাড়– নিয়ে তারা এ পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। শুক্রবার সকালে এ কর্মসূচির আয়োজন করে পিপলস্ থিয়েটার অ্যাসোসিয়েশন (পিটিএ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সঙ্গে একযোগে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত শহীদ মিনার পরিচ্ছনের এ আয়োজনে অংশ নেয় পিটিএ’র অন্তর্ভুক্ত সারা দেশের ২০০টি শিশু সংগঠন এবং ৮০টি যুব সংগঠন।
সংগঠনটির ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভাষার মর্যাদা সমুন্নত রাখা ও শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি’ আওতায় নিজ এলাকার শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহীদ মিনার পরিচ্ছন্ন শেষে সবাই মিলে এক হয়ে শপথ নেয়- ‘স্মৃতির মিনার মোর পবিত্র, ভাষার মান সমুন্নত।’ শুক্রবার সকালে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন পিটিএ’র অন্যতম সংগঠক সৈয়দ দুলাল, পিটিএ’র উপদেষ্টা এসএম মহসীন এবং সম্পাদকমণ্ডলীর সদস্য ইয়াসমীন আলী।
লিয়াকত আলী লাকীর নেতৃত্বে অংশগ্রহণকারী সংগঠনগুলোর শিশু-কিশোরা পৃথক পৃথকভাবে দলবদ্ধ হয়ে শহীদ মিনারের মূল বেদিসহ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে। উদ্বোধন শেষে সব শিশু-কিশোরের অংশগ্রহণে প্রথমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সম্মিলিত জাতীয় সঙ্গীত পরিবেশন এবং ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি পরিবেশনের মাধ্যমে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পুরো অনুষ্ঠানটি নাচ, গান, আবৃত্তি দিয়ে সাজানো হয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্বে লিয়াকত আলী লাকীর কথা ও সুরে ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ গানটি পরিবেশিত হয়।

No comments:

Post a Comment