Wednesday, January 11, 2017

আ'লীগ প্রার্থীর শূন্য ভোট: রেলপথমন্ত্রীর এলাকায় তোলপাড়

কুমিল্লায় জেলা পরিষদ নির্বাচনে রেলপথমন্ত্রীর এলাকা চৌদ্দগ্রামে আওয়ামী লীগ প্রার্থী শূন্য ভোট পেয়েছেন। একজন বিদ্রোহী প্রার্থীর কারণে সেখানে এ অবস্থা হয়েছে। নির্বাচন শেষ হয়ে গেলেও এ ঘটনায় সমালোচনার রেশ কাটেনি। আজ নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান। তাই একে ঘিরে সমালোচনা যেন নতুন মাত্রা পেয়েছে। চৌদ্দগ্রামে শূন্য ভোট পাওয়ায় শেখ হাসিনা মনোনীত দলীয় প্রার্থী আবু তাহের মাত্র ৪৬ ভোট বেশী পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। পক্ষান্তরে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন। নির্বাচনে কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে একযোগে কাজ করেন। জেলার ১৫ ওয়ার্ডের মধ্যে ১৪টিতেই ভোট পান আবু তাহের।
কিন্তু কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলপথমন্ত্রী মুজিবুল হকের নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামে বিদ্রোহী প্রার্থী স্বপনের কারণে তিনি কোনো ভোট পাননি। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ প্রার্থী আবু তাহেরের নির্বাচনী ক্যাম্পেইন পরিচালনা করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। জেলার অপর নেতা পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল (লোটাস কামাল) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, রাজী মোহাম্মদ ফখরুল ইসলাম এমপিসহ অন্য নেতাকর্মীরা আবু তাহেরের পক্ষে কাজ করেন। এ ব্যাপারে জেলা পরিষদের সদর ওয়ার্ডের নির্বাচিত সদস্য আবদুল্লাহ আল মাহমুদ সহিদ বলেন, দলের সভানেত্রী শেখ হাসিনা আবু তাহেরকে সমর্থন দেয়ায় ১৬ প্রার্থীর মধ্যে ১৪ জনই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সবাই নেত্রীর আদেশ পালন করেছেন। শুধু মন্ত্রী মুজিবুল হকের নির্দেশে সাজ্জাদ হোসেন বিদ্রোহী প্রার্থী হন। শেখ হাসিনা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে এমন অবস্থানের কারণে রেলপথমন্ত্রী কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচিত হয়েছেন। এ বিষয়ে রেলমন্ত্রী মুজিবুল হকের বক্তব্য জানতে চাইলে বিষয়টি নিয়ে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের বলেন, আমার বিজয় শেখ হাসিনার বিজয়। বঙ্গবন্ধুর বিজয়।

No comments:

Post a Comment