Tuesday, January 24, 2017

নোম্যান্স ল্যান্ডের কাছে মরা হাতি

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা সীমান্তে নোম্যান্স ল্যান্ডের কাছে সোমবার ভোরে একটি বুনেরা হাতি পড়ে থাকতে দেখা যায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী জানান, হাতিটি ভরতীয়। তবে এটি কিভাবে মারা গেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। জানা যায়, এলাকাবাসীর কেউ আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১০৭২ এর কাছে মিয়াপাড়া সীমান্তসংলগ্ন নোম্যান্স ল্যান্ডের কাছে মরা হাতিটি দেখতে পান। এর পরই অসংখ্য নারী-পুরুষ ভিড় করেন হাতিটি দেখার জন্য। হাতির মৃত্যুর খবর পেয়ে ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সদস্যরা ভোরে হাতির কাছে ছুটে আসেন। মিয়াপাড়া সীমান্তের ওপারে ভারতের বালুরঘাট বিএসএফ ক্যাম্পের সদস্যরা জানিয়েছেন, বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটিকে হত্যা করা হয়েছে। যার চিহ্ন স্পষ্ট হাতিটির পুড়ে যাওয়া শুঁড়।
ভারতের কালাইরচর বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর জেন্টালি বিসওয়াস বলেন, হাতিটিকে যে মারা হয়েছে এতে কোনো সন্দেহ নেই। বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাতিটির বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বালিয়ামারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোরশেদুল হক বলেন, ‘যেহেতু মরা হাতিটি নোম্যান্স ল্যান্ডে, সে কারণে আমরা কিছু বলতে পারছি না। হাতিটিকে মারা হয়েছে, না অসুস্থ হয়ে মরেছে সে বিষয়েও আমরা কিছু বলতে পারছি না।’ রৌমারী ও রাজীবপুর অঞ্চলের বন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে যেটা দেখা গেছে, তাতে হাতিটিকে মারা হয়েছে। হাতির শুঁড় পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে।

No comments:

Post a Comment