পৃথক
দুই মামলায় সিলেট সিটি করপোরেশনের (বরখাস্তকৃত) মেয়র আরিফুল হক চৌধুরী ও
হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল
বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার
সদস্যের আপিল বেঞ্চ জামিন বহালের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আবেদনের
প্রেক্ষিতে চেম্বার বিচারপতি গত ২০ ডিসেন্বর মেয়র আরিফুল ও গউছকে দেয়া
হাইকোর্টের জামিন স্থগিত করেন। একইসঙ্গে আবেদনটি শুনানির জন্য ২ জানুয়ারি
দিন ধার্য্য করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। সেই অনুযায়ী
মঙ্গলবার আদালতে মেয়রদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব
হোসেন ও ব্যারিস্টার মইনুল হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা।
আইনজীবী মাসুদ রানা জানান, জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন
খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এই আদেশের ফলে তাদের মুক্তিতে আর কোনো বাধা
নেই। গত ১১ ডিসেম্বর সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন
গুপ্তের সমাবেশে বোমা হামলা মামলায় মেয়র আরিফুল হককে ছয় মাসের জামিন দেন
হাইকোর্ট। একইদিনে আওয়ামী লীগ দলীয় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া
হত্যার ঘটনায় দায়ের করা মামলায় হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকেও হাইকোর্ট
ছয় মাসের জামিন দেন।

No comments:
Post a Comment