Tuesday, January 24, 2017

পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

হবিগঞ্জের মাধবপুরে পুলিশকে মারধর করে দ্রুতবিচার মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। সোমবার রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত ৬ পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আসামি ছিনতাই ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে এসআই কামরুল ইসলাম বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেছেন।
এ ঘটনায় মঙ্গলবার সকালে থানার উপপরিদর্শক আশীষ কুমার মৈত্রের নেতৃত্বে একদল পুলিশ গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে আকসর আলীর ছেলে কামাল মিয়াকে (৩৭) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, সোমবার রাত সোয়া ৯টার দিকে মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রাম দ্রুতবিচার ট্রাইব্যুনালের ৩২/০৮ জিআর ১৪২/৬ এর গ্রেফতারি পরোয়ানার আসামি শিপন মিয়াকে গ্রেফতার করতে যায়। শিপন উপজেলার গাজীপুর গ্রামের মাহমুদ হোসেনের ছেলে। তাকে আটক করলে তার আত্মীয় স্বজনরা দেশীয় ও মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়ে ওয়ারেন্টভুক্ত আসামি শিপনকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই কামরুল ইসলাম, এএসআই জালাল উদ্দিন, এএসআই মাছুম, কনস্টেবল ভজন দাস, কনষ্টেবল মনির হোসেন আহত হয়। তাদের রাতেই মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। তিনি আরও জানান, এ ব্যাপারে এসআই কামরুল ইসলাম শিপন মিয়াকে প্রধান আসামি ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪জনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার মৈত্রের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার সকাল ১০টার দিকে গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এসল্ট মামলার এজাহারনামীয় আসামি কামাল মিয়াকে (৩৭) গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

No comments:

Post a Comment