রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী রাহিদা আক্তার নামের এক নববধূ নিহত হন। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নয় দিন আগে রাহিদার বিয়ে হয়েছিল। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওয়াল বেলা দেড়টার দিকে রাহিদাকে ভ্যানে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের সাহেবপাড়ার বাসা থেকে রাহিদাকে নিয়ে স্বামী আলামিন মোটরসাইকেলে করে ঢাকায় আসছিলেন।
দুজনের বাড়ি ওই এলাকাতেই। পথে রায়েরবাগ হাশেম রোড পৌঁছালে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুজন দুদিকে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান রাহিদকে চাপা দিয়ে চলে যায়। পরে স্বজনেরা আহত অবস্থায় আলামিনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। রাহিদার খালা শিফা আক্তার জানান, নয় দিন আগে রাহিদা ও আলামিনের বিয়ে হয়।

No comments:
Post a Comment