Tuesday, February 14, 2017

সড়কে ময়লার কনটেইনার

রাজধানীর মিরপুরে পল্লবীর ঈদগাহ মাঠের পশ্চিম পাশের প্রধান সড়কে ময়লার কনটেইনার রেখেছে সিটি কর্পোরেশন। সড়কের উপরেই বানানো হয়েছে এসটিএস (ময়লার ভাগাড়)। এই এসটিএসে রাখা হয়েছে ৫টি ময়লার কনটেইনার। ময়লা-আবর্জনার দুর্গন্ধে পথচারীরা ঠিকভাবে চলাফেরা করতে পারছে না। এসটিএসের পেছনে আছে ছোট্ট সরু একটি ফুটপাত। পথচারীদের বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে পথটি। সরেজমিন দেখা যায়, পল্লবী ঈদগাহ মাঠের পশ্চিম পাশের প্রধান সড়কের উপরে রাখা হয়েছে ময়লার ৫টি কনটেইনার। পথচারীরা বাধ্য হয়েই সরু ফুটপাত ব্যবহার করছে। ফুটপাত দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধে অনেকে নাক চেপে ধরে পথ চলেন।
পথচারী ভানু বেগম যুগান্তরকে বলেন, ‘কনটেইনারগুলোর পেছনের ছোট্ট ফুটপাত দিয়ে আমার মেয়েকে স্কুল থেকে আনা-নেয়া করি। আমি ২ বছর ধরেই সড়কের উপরে কনটেইনারগুলো দেখছি। ময়লা-আবর্জনার কারণে এ পথ দিয়ে হাঁটতে বিরক্ত লাগে। কবে যে এ কনটেইনারগুলো সরানো হবে?’ মতিউর রহমান নামের এক মাছ ব্যবসায়ী বলেন, আমি কনটেইনারগুলোতে ২ বছর যাবৎ ময়লা ফেলি। পাশের বাজারের মাছের ময়লা ফেলছি। তিনি আরও বলেন, মিরপুরের ১২ নম্বর বাসস্ট্যান্ডের সিএনজি পাম্পের কনটেইনারের ময়লা ফেলা হতো। এখন ওয়ার্ডভিত্তিক ময়লা ফেলার কনটেইনার ভাগ করে দেয়া হয়েছে। এ সড়কে কর্তব্যরত নাম প্রকাশে অনিচ্ছুক এক এসআই যুগান্তরকে বলেন, সড়কটি কাটা হয়। এ কাটার পাশ দিয়ে ময়লার কনটেইনারগুলোর সামনে একটি বাস উল্টে যায়। ঢাকা উওর সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. রজ্জব হোসেন বলেন, পল্লবীর ঈদগা মাঠের উল্টোপাশের প্রধান সড়কের উপরে এসটিএস করা হয়েছে। আমরা আরামবাগে করেছি। আমরা ময়লার কনটেইনার রাখার জন্য জায়গা খুঁজছি। এসটিএসের জায়গা পাওয়ার সঙ্গে সঙ্গেই ময়লার কনটেইনার সরিয়ে ফেলব।

No comments:

Post a Comment