বসুন্ধরা
এশিয়ান ট্যুর গলফে নিত্যদিন নতুন গল্প বাংলাদেশের গলফারদের। প্রথমদিন ২৯তম
স্থানে আর দ্বিতীয়দিন ঘুরে দাঁড়িয়েই পঞ্চমে উঠে আসা সিদ্দিকুরের। আর
শুক্রবার তৃতীয়দিন নৈপুণ্য দেখিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন দেশসেরা
এই গলফার। সঙ্গে ২২ থেকে ১২তম স্থানে উঠে এসেছেন আরেক স্বাগতিক গলফার
দুলাল হোসেন। কুর্মিটোলা গলফ কোর্সে কাল তৃতীয় রাউন্ডে পর পর দুটি বোগি
দিয়ে দিন শুরু করেন সিদ্দিকুর।
পরে অবশ্য ঘুরে দাঁড়ান দেশসেরা এই গলফার।
ছয়টি বার্ডি ও তিনটি বোগি দিয়ে তৃতীয় রাউন্ড শেষ করেন এশিয়ান ট্যুরের দুটি
শিরোপা জেতা সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে আট শট কম খেলে যুক্তরাষ্ট্রের
ডজ কেমারের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। সিদ্দিকুরের মতো এ
দিন দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশী গলফার দুলাল হোসেনও। তৃতীয়
রাউন্ডে পাঁচটি বার্ডি ও দুটি বোগি করা দুলাল লিডারবোর্ডে এগিয়েছেন অনেকটা।
আগের রাউন্ডে যৌথভাবে ২২তম স্থানে থাকা এই গলফার সব মিলিয়ে পারের চেয়ে চার
শট কম খেলে দু’জনের সঙ্গে যৌথভাবে দ্বাদশ স্থানে উঠে এসেছেন। লিডারবোর্ডে
সামান্য এগিয়েছেন জামাল হোসেনও। এছাড়া দেশী গলফারদের মধ্যে সজীব আলি
যৌথভাবে ৩১তম, রবিন মিয়া যৌথভাবে ৪৭তম, বাদল হোসেন ও মোহাম্মদ নাজিম
যৌথভাবে ৫৬তম স্থানে রয়েছেন। কাট পেরিয়ে তৃতীয় রাউন্ডে আসা দেশী ১০ গলফারের
মধ্যে বাকি তিনজন আকবর হোসেন, মোহাম্মদ জিয়া ও সম্রাট শিকদার আছেন
লিডারবোর্ডের নিচের দিকে। তিন লাখ ডলার প্রাইজমানির এই আসরে তিন রাউন্ড
মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলে এককভাবে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের জাজ
জানেওয়াত্তানানোন্দ। ৯ শট কম নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের শুভংকর শর্মা। আজ
টুর্নামেন্টের শেষ রাউন্ড।

No comments:
Post a Comment