Tuesday, February 21, 2017

ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে মানুষের ঢল

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার অমর একুশের প্রথম প্রহরে ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বারের গ্রামের বাড়ি উপজেলার জব্বার নগরের (পাঁচুয়া) কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। স্থানীয় উপজেলা প্রশাসন শহীদের স্মৃতি বিজড়িত জব্বার নগরে মূল অনুষ্ঠান আয়োজন করে। রাত ১২টা ১ মিনিটে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে উপজেলা প্রশাসন, পৌরসভা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ,
গফরগাঁও প্রেসক্লাব, গফরগাঁও থিয়েটার, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং সর্বস্তরের হাজারো মানুষ শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ভাষা শহীদ আব্দুল জব্বারের কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুন্ডু। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস.এম. ইকবাল হোসেন সুমন, রাওনা ইউপির চেয়ারম্যান শাহাবুল আলম প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করে।

No comments:

Post a Comment