মধ্যপ্রাচ্যে
প্রথমবারের মতো অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করার কথা বিবেচনা
করছে আমেরিকা। উগ্রবাদী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে কাতারে
এই যুদ্ধবিমান মোতায়েন করা হবে। মার্কিন বিমান বাহিনী এ ব্যাপারে
সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না করলেও বলেছে, ‘অদূর ভবিষ্যতে’ এই
যুদ্ধবিমান মোতায়েন করা হবে। ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন
বিমান বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার জেনারেল হারবার্ট জে. কারলায়েল
বলেছেন, নতুন এই যুদ্ধবিমানকে প্রথমবারের মতো যুদ্ধের কাজে ব্যবহারের কথা
বিবেচনা করছে তার বাহিনী। আমেরিকার এই চার-তারকা জেনারেল বলেন, কাতারে
মার্কিন বিমান ঘাঁটি আল-আদিদে এই যুদ্ধবিমান মোতায়েনের সমূহ সম্ভাবনা
রয়েছে। এর আগে এফ-২২ বিমান যে ধরনের হামলার কাজে ব্যবহৃত হয়েছে এফ-৩৫কেও সে
ধরনের কাজে ব্যবহার করা হবে বলে তিনি জানান।
ইরাক ও সিরিয়ায় আইএসের
বিরুদ্ধে হামলার কাজে এরইমধ্যে আমেরিকা এফ-২২ যুদ্ধবিমান ব্যবহার করেছে।
জেনারেল কারলায়েল জানিয়েছেন, আসন্ন বসন্তে যাতে এই যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে
পাঠানো যায় সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের
পাশাপাশি কিছু এফ-৩৫ যুদ্ধবিমান প্রথমবারের মতো ইউরোপ এবং
এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলেও পাঠানো হবে বলে তিনি জানান। কাতারের
আল-আদিদ ঘাঁটিতে বর্তমানে প্রায় ১০০ মার্কিন যুদ্ধবিমান ও চার হাজার
মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ২০০৩ সালে ইরাকে হামলা চালানোর কাজে এবং ২০০১
সালে আফগানিস্তানে তালেবান বিরোধী হামলায় এই ঘাঁটি ব্যবহার করেছে আমেরিকা।
সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment