Sunday, February 5, 2017

ফ্লোরিডায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের কাছে শনিবার কমপক্ষে দুই হাজার লোক বিক্ষোভ মিছিল করেছে। তারা সাতটি মুসলিম প্রধান দেশ থেকে শরণার্থী ও ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা সম্বলিত ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, ফ্লোরিডার পূর্ব উপকূলে মার-আ-লাগোর গলফ ক্লাবে বার্ষিক রেড ক্রস বল খেলা দেখতে সেখানে হাজির হয়েছিলেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ট্রাম্পের উইন্টার হোয়াইট হাউস এ এলাকায় অবস্থিত। জনৈক বিক্ষোভকারী রব রিসেইড বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি যুদ্ধ করেছি। বছরের পর বছর এই দেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন।’ তিনি বলেন, ‘এখন তা হরণ করা হচ্ছে। আর আমাদের যেসব অধিকার হরণ করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের সবাইকে দাঁড়াতে হবে।’ বিক্ষোভকারীরা শ্লোগান দেন, ‘এটাই কি গণতন্ত্রের নমুনা।’
তারা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ট্রাম্পের দেয়াল নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ‘কোন দেয়াল নয়, কোন বাধা নয়।’ ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে ট্রাম্প ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের শরণার্থীদের ৯০ দিন ও সিরিয়ায় শরণার্থী ও নাগরিকদের অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়া সারা বিশ্বের সব ধরণের শরণার্থীকে ১২০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করা হয় ওই আদেশে। গত শুক্রবার ট্রাম্পের এ নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করে দেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল আদালতের এক বিচারক। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শনিবার জানান, তারা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছেন। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে ওয়েস্ট পাম বিচে শনিবার এ বিক্ষোভ মিছিল হয়। বিশ্বের বিভিন্ন নগরীতেও একইধরণের বিক্ষোভ হয়েছে। এর আগে শনিবার সকালে কয়েকশ’ বিক্ষোভকারী মিছিল নিয়ে হেয়াইট হাউস থেকে ইউএস ক্যাপিটল পর্যন্ত যান। তারা ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে শ্লোগান দেন এবং অভিবাসীদের প্রতি সহমর্মিতা দেখিয়ে বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন।

No comments:

Post a Comment