Saturday, February 18, 2017

উত্তরাধিকারী তিশা

দেশের বাইরে পড়াশোনা করে সম্প্রতি বাংলাদেশে এসেছেন চর্যা। একটি নির্দিষ্ট এলাকায় ভাষার বিবর্তন নিয়ে গবেষণা করবেন তিনি। এ গবেষণা শুধু মাতৃভাষার প্রতি ভালোবাসা থেকে নয়, একাডেমিক চিন্তা থেকেও বিষয়টি বেছে নিয়েছেন। কিন্তু তথ্য সংগ্রহ করতে গিয়ে চর্যা সুবিধা করে উঠতে পারেননি। বিভিন্ন প্রতিকূলতা সামনে এসে দাঁড়ায়। তার প্রতি সহযোগিতার হাত বাড়ান স্কুল শিক্ষক বরকত।
নানা নাটকীয়তার পর চর্যা বুঝতে পারেন এই ভাষা তার উত্তরাধিকার। ভাষা নিয়ে নির্মিত নাটকে এমন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে তুহিন হোসেন নির্মাণ করেছেন নাটক ‘উত্তরাধিকার’। এটি রচনা করেছেন সারওয়ার রেজা জিমি। এতে চর্যা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা। তার বিপরীতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। নাটকটি ২১ ফেব্রুয়ারি রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে নাটকটি তৈরি হয়েছে। এর গল্পটা আমার কাছে ভিন্ন মনে হয়েছে। সাধারণত ভাষা নিয়ে এ ধরনের নাটক খুব কম হয়। যা হয় তাও আবার দিবসকেন্দ্রিক। আমি চাই, বছরের অন্যান্য সময়ও ভাষা কিংবা মুক্তিযুদ্ধকেন্দ্রিক নাটক নির্মিত হোক। তাহলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের মধ্যে ইতিহাসবোধ জাগ্রত থাকবে।’

No comments:

Post a Comment