ফরিদপুরের
নগরকান্দায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহাজাহান শেখ
(৪৫)। সে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের পশ্চিমপাড়ার লাল মিয়া
ওরফে নালু শেখের ছেলে। নিহত শাহাজাহান শেখ পেশায় মাইক্রোবাস চালক। বুধবার
সকালে ওই ইউনিয়নের রামনগর উচ্চ বিদ্যালয় মাঠের পাশের গম ক্ষেত থেকে তার
মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা কাঠের
লাঠি দিয়ে পিটিয়ে এবং গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করে এখানে
ফেলে রেখে গেছে।
নিহতের মাথায়, হাতে ও গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাস্থলের আশেপাশে গামছা, সেন্ডেল ও কাঠের লাঠি পড়ে থাকতে দেখা গেছে।
নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর
পেয়ে বুধবার সকালে আমি ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান
করছে পুলিশ। নিহতের পারিবারিক সূত্র এবং এলাকাবাসী জানায়, শাহাজাহান
কিছুদিন আগে তার মাইক্রোবাসটি বিক্রি করেছেন। টাকা লেনদেন সংক্রান্ত কারণে
তিনি খুন হয়ে থাকতে পারেন। শাহজাহান এলাকার মাদক ও জুয়াসহ বিভিন্ন অন্যায়ের
বিরুদ্ধে প্রতিবাদ করতেন। দুর্বৃত্তরা এ কারণেও তাকে খুন করে থাকতে পারে।

No comments:
Post a Comment