Thursday, February 9, 2017

আইএসের হামলায় ৬ আফগান রেডক্রস কর্মী নিহত

আফগানিস্তানের জওজান প্রদেশে সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের বন্দুক হামলায় রেডক্রসের ছয় আফগান কর্মী নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। প্রাদেশিক গভর্ণর জানিয়েছেন, কুশ তেপা এলাকায় এই কর্মীদের গুলি করে হত্যা করা হয়।
খবর এএফপি’র। তিনি বলেন, এই ঘটনায় আরো দুই রেডক্রস কর্মী নিখোঁজ রয়েছে। তাদেরকে আইএস অপহরণ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) খবরটি নিশ্চিত করেছেন। তবে কোন গোষ্ঠী বা সংগঠন এ হামলা চালিয়েছে সে ব্যাপারে তারা নিশ্চিত নন। আইসিআরসি জানিয়েছে, এ ঘটনার পর তারা অস্থায়ীভাবে দেশটিতে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে।
আইসিআরসি’র ডিরেক্টর অব অপারেশনস ডোমিনিক স্টিলহাট বলেন, ‘আমাদের আরো পরিষ্কারভাবে ঘটনাটি সম্পর্কে জানা দরকার।’ ২০১৫ সাল থেকে আইএস আফগানিস্তানে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা কাবুল ও দেশটির পূর্বাঞ্চলে হামলা চালানোর দাবি করেছে। তবে তাৎক্ষণিকভাবে তারা জোজানের এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। আইসিআরসি এক বিবৃতিতে জানায়, ‘অজ্ঞাত বন্দুকধারীরা’ রেডক্রস দলের ওপর হামলা চালায়। দলটিতে তিন জন গাড়ি চালক ও পাঁচ জন মাঠ পর্যায়ের কর্মকর্তা ছিলেন।

No comments:

Post a Comment