যশোরের
বেনাপোলে দু‘দল মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে সেলিম (৪০)
নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত সেলিম বেনাপোলে মাদক সম্রাট
হিসেবে পরিচিত। তার নামে বেনাপোল পোর্ট থানাসহ দেশের বিভিন্ন থানায় অসংখ্য
মামলা আছে। তিনি বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
মঙ্গলবার ভোর রাতে পোর্ট থানার শিকড়ী বটতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও
এলাকাবাসী জানায়, ভোররাতে শিকড়ী এলাকায় দু‘দল মাদক ব্যবসায়ীদের সঙ্গে
গোলাগুলির ঘটনা ঘটে। প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলে সেলিম নিহত হয়। খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় সেলিমের মরদেহ পড়ে থাকতে দেখে।
এসময় সেখান থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ আরো জানান, সেলিম ও তার মা-বাবা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে
হেরোইন, ফেন্সিডিল ও ইয়াবার বড় বড় চালান ভারত থেকে এনে দেশের বিভিন্ন
এলাকায় পাচার করত। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব
হাসান জানান, খবর পেয়ে সেলিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর
জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের
চেষ্টা চলছে। থানায় এখনো মামলা হয়নি বলে জানান ওসি।

No comments:
Post a Comment