Monday, February 6, 2017

চট্টগ্রামে ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে কিশোর নিহত

চট্টগ্রামে সতীর্থ খেলোয়াড়ের ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে ফয়সাল হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে কলেজিয়েট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। মাঠে স্ট্যাম্প স্থাপন করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে স্ট্যাম্প দিয়ে ফয়সালের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত ফয়সাল মাদারবাড়ি এলাকার মরিচ্যাপাড়ার বাসিন্দা শাহজাহানের ছেলে। ফয়সালের মৃত্যুর খবর শুনে স্বজনরা চমেক হাসপাতালের জরুরি বিভাগে ভিড় করেন।
সেখানে তাদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। এদিকে এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। এর মধ্যে আরাফাত হোসেন নামে একজন রয়েছে। তার পিতার নাম মো. ইয়াকুব। বাসা নগরীর সদরঘাট এলাকায়। আটক অপর দু’জনের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সময় ফয়সালের দুই ভাইও মাঠে ছিল। তারা পুলিশকে জানিয়েছে, কথা কাটাকাটির একপর্যায়ে আরাফাত স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করে।

No comments:

Post a Comment