Tuesday, February 14, 2017

ফের রাষ্ট্রপতি হতে পারেন প্রণব

ভারতের রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে জুলাইয়ে। অবসর নেয়ার পর তিনি কোথায় থাকবেন তা নিয়ে তৎপরতাও শুরু হয়ে গেছে সরকারের তরফে। কিন্তু পাশাপাশি ঐকমত্যের ভিত্তিতে তিনি দ্বিতীয় বারের জন্য এ পদে নির্বাচিত হতে পারেন কিনা, সেই সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের বিচারে এখনও পিছিয়ে রয়েছে বিজেপি। উত্তরপ্রদেশের ভোট এ ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা হবে। কিন্তু সেখানেও আশাপ্রদ ফল হবে না বলেই মনে করছেন দলের নেতারা। এ অবস্থায় বিজেপি শীর্ষ নেতৃত্বও ওঠে পড়ে লেগেছেন রাষ্ট্রপতির নাম নিয়ে বিরোধী ঐক্যে চিড় ধরিয়ে নিজেদের পক্ষে ভোট বাড়াতে। সেটা সম্ভব হলেই বিজেপি কিংবা আরএসএস ঘনিষ্ঠ কোনো প্রার্থীকে রাষ্ট্রপতি পদে বসাতে পারবেন নরেন্দ্র মোদি। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটা যথেষ্ট জটিল। দেখা যাচ্ছে লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি নির্বাচনের সংখ্যার হিসাবে ১ লাখ ৭০ হাজার ভোটে পিছিয়ে রয়েছে বিজেপি।
আর এক মাস পরই স্পষ্ট হয়ে যাবে উত্তরপ্রদেশসহ পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফল। পরিস্থিতি এখন এমনই যে, কেন্দ্রের শাসক দল উত্তরপ্রদেশে ভালো ফল না করতে পারলে নিজেদের পছন্দের রাষ্ট্রপতি প্রার্থীকে জিতিয়ে আনার ক্ষমতা তাদের থাকবে না। এ পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নে বিরোধী ঐক্য ভাঙার জন্য চেষ্টা করা ছাড়া গতি নেই নরেন্দ্র মোদির। শিবসেনার মতো অন্য কোনো শরিক যাতে ভিন্ন শিবিরে না ভিড়ে যায়, সেটাও নিশ্চিত করতে চাইছে বিজেপি। তামিলনাড়ু–তে পন্নিরসেলভামকে তলে তলে সহায়তা করার যে চেষ্টা বিজেপি নেতৃত্ব করছেন, তার পেছনে একটি কারণ রাষ্ট্রপতি নির্বাচন। সব চেষ্টার পরেও যদি বিরোধী ঐক্য অটুট থাকে, তবে প্রণব মুখার্জিকেই দ্বিতীয়বারের জন্য মেনে নিতে পারেন মোদি। রাষ্ট্রপতি হিসেবে প্রণব এমন কিছু করেননি, যা মোদি ও তার সরকারকে বিপাকে ফেলে। লালকৃষ্ণ আদভানিকে রাষ্ট্রপতি করা নিয়ে এক সময় জল্পনা চলছিল। সে ক্ষেত্রে ঐকমত্যের সম্ভাবনাও থাকত। কিন্তু আদভানির সঙ্গে মোদির মতান্তর কমার লক্ষণ নেই। একাধিকবার মোদিবিরোধী মন্তব্য করেছেন আদভানি। সর্বসম্মতি ক্রমে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কংগ্রেসের বড় ভূমিকা থাকলেও অন্য আঞ্চলিক দলগুলো প্রণবকে দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি করার প্রশ্নে একমত হতে পারে।

No comments:

Post a Comment