রাজনীতিকদের
বিভেদমূলক ও মানুষকে হেয় করে দেয়া বক্তব্য বিশ্বকে আরও বেশি বিভক্ত ও
ভয়ংকর করে তুলছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি
ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ প্রতিবেদনে
‘রাগান্বিত ও অপেক্ষাকৃত বিভক্তি সৃষ্টিকারী রাজনীতিক’ হিসেবে মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এককভাবে উল্লেখ করা হয়েছে। খবর বিবিসির।
হাঙ্গেরি, ফিলিপাইন ও তুরস্কের সরকারপ্রধানদের সমালোচনা করা হয়েছে
অ্যামনেস্টির প্রতিবেদনে।
‘শংকা, দোষারোপ ও বিভক্তিমূলক’ রাজনীতি করার জন্য
তাদের সমালোচনা করা হয়েছে। রাজনৈতিক ফায়দা লাভের আশায় নেতারা শরণার্থীদের
নিয়ে খেলছেন বলে অভিযোগ করা হয়েছে অ্যামনেস্টির প্রতিবেদনে। ১৫৯টি দেশের
ওপর তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপে ঘৃণামূলক বক্তব্য
বেড়ে গেছে। এর ফলে জাত, ধর্ম, জাতীয়তা ও লিঙ্গভিত্তিক হামলার সংখ্যা বেড়ে
গেছে। যেসব দেশ একসময় বিদেশে মানবাধিকার প্রতিষ্ঠায় কথা বলত আজ সেসব দেশেই
মানবাধিকার হরণ হওয়ায় তাদের সমালোচনা করেছে অ্যামনেস্টি। প্যারিসে
সংস্থাটির এক বার্তায় বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায়
ব্যবহৃত ‘বিষমাখা’ বক্তব্যগুলোই বলে দেয় বিশ্ব রাজনীতি আজ কোনদিকে যাচ্ছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠী বলেন, মানুষের অধিকার
প্রতিষ্ঠার লড়াইয়ের পরিবর্তে বহু নেতা রাজনৈতিক যুক্তিতর্কের খাতিরে
মানুষের জন্য হানিকর ইস্যু গ্রহণ করেছেন।

No comments:
Post a Comment