Monday, February 20, 2017

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান বুঝিয়ে দিল যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ

গুলশান-১ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের নামে বরাদ্দ দেয়া প্রথম পর্বের দোকান বুঝিয়ে দিয়েছে এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ। রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানে কর্তৃপক্ষ ফিউচার পার্কের দ্বিতীয় তলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান বুঝিয়ে দেয়। দোকান বুঝে পেয়ে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যবসায়ীরা। একই সঙ্গে শিগগিরই দোকানগুলো চালুর ব্যাপারে প্রতিশ্রুতি দেন তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন,
গুলশান-১ ডিএনসিসি মার্কেটের দোকানের জনপ্রিয় সব পণ্যের সমাহার থাকবে যমুনা ফিউচার পার্কেও। বিশেষ করে আন্তর্জাতিক ব্র্যান্ডের উন্নতমানের কসমেটিকস, ড্রাই ফুড, টয়লেট্রিজ পণ্যসামগ্রী, ফ্রোজেন ফুড, শিশুখাদ্য সামগ্রী, চকলেট, ক্রোকারিজ প্রভৃতি। দোকান হস্তান্তর অনুষ্ঠানে ছিলেন যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের পক্ষে যমুনা বিল্ডার্স লিমিটেডের পরিচালক আমিনুল হাসান, মহাব্যবস্থাপক মো. সাহেদ আলী, উপমহাব্যবস্থাপক কামরুল হাসান, দেবাশীষ কুমার রায় ও সহকারী ব্যবস্থাপক মো. রুবেল সিকদার। আর গুলশান-১ ডিএনসিসি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন (মাওলা), মিজানুর রহমান, মো. আনোয়ার হোসেন (সুজন) ও জামান মোহাম্মদ মনির।

No comments:

Post a Comment