Sunday, February 19, 2017

আন্দামানে আগ্নেয়গিরিতে ফের উদ্গিরণ

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ভারতের একমাত্র আগ্নেয়গিরিটি ফের ছাই ও লাভা উদ্গিরণ শুরু করেছে। ১৫০ বছরেরও বেশি সময় সুপ্ত থাকার পর ১৯৯১ সাল থেকে আগ্নেয়গিরিটি জেগে ওঠার প্রক্রিয়া শুরু হয়। এনডিটিভি। গোয়াভিত্তিক ন্যাশনাল ইন্সটিটিউট অব ওশেনোগ্রাফির (এনআইও) গবেষকরা জানিয়েছেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরিটি ফের ধোঁয়া ও লাভা উদ্গিরণ শুরু করেছে।
পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে ব্যারেন দ্বীপের এই আগ্নেয়গিরিটি ১৫০ বছর পর ১৯৯১ সালে উদ্গিরণ শুরু করে। তারপর থেকে মাঝে মধ্যেই এটি সক্রিয়তা দেখিয়ে আসছে। এনআইও বলেছে, ‘২৩ জানুয়ারি বিকালে সিএসআইআর-এনআইও’র গবেষণা জাহাজে বৈজ্ঞানিক দলটি ব্যারেন আগ্নেয়গিরির কাছে আন্দামান বেসিনে সমুদ্রতলের নমুনা সংগ্রহ করছিল। তখন হঠাৎ আগ্নেয়গিরিটি ছাই উদ্গিরণ শুরু করে। পাঁচ থেকে দশ মিনিট ধরে উদ্গিরণ চলতে থাকে। দিনের বেলার পর্যবেক্ষণে শুধু ছাই দেখা গেলেও সূর্যাস্তের পর আগ্নেয়গিরির মুখ থেকে লাল লাভা উদ্গিরণ হতে দেখা যায়। আগ্নেয়গিরির ঢাল বেয়ে নেমে আসে গরম লাভার স্রোত। গত ২৬ জানুয়ারিও বিজ্ঞানীরা আগ্নেয়গিরিটিতে বিস্ফোরণ ও ধোঁয়া দেখতে পান।

No comments:

Post a Comment