ফিলিস্তিনের স্বাধীনতার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।বুধবার ট্রাম্প একক রাষ্ট্রের নীতি বেছে নেবেন বলে ঘোষণা দেন। ট্রাম্পের ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই উল্টো সুর চড়ান তারই মনোনীত নিকি। তার দাবি, যুক্তরাষ্ট্র দুই রাষ্ট্র সমাধানকে পুরোপুরিভাবে সমর্থন করে। নিকি হ্যালি বলেন, একটি বৃত্তের মধ্যে থেকে শান্তি না খুঁজে দুই রাষ্ট্রকে একই টেবিলে আনার বিষয়ে চিন্তা করা হচ্ছে। এছাড়া কিভাবে দুই রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের সমাধান করা যায় তার পথও খোঁজা হচ্ছে। বৃহস্পতিবার ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর এসব কথা বলেন নিকি হ্যালি। খবর সিবিএস নিউজ ও দ্য গার্ডিয়ানের। ট্রাম্প বুধবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে স্বাগত জানান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল ‘অবিচ্ছেদ্য’ সম্পর্কের গুণগান করেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিন প্রশ্নে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির বিরুদ্ধে মন্তব্য করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তির প্রয়োজনে তিনি একক রাষ্ট্রের নীতিতে ফিরবেন। প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিরা আশংকা করছেন, যুক্তরাষ্ট্র হয়তো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন তুলে নেবে। সংবাদ সম্মেলনে নিকি হ্যালি বলেন, চূড়ান্ত নিষ্পত্তির অংশ হিসেবে ফিলিস্তিনকে সমর্থন জানানোর দুই দশকেরও পুরনো নীতি থেকে আমেরিকা সরে এসেছে এ ধারণা করাটা একেবারে ভুল হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই রাষ্ট্র সমাধানের প্রতি মার্কিন সমর্থনকে জোরালোভাবে উপস্থাপন করতে এ কথার তিনবার পুনরাবৃত্তি করেন নিকি হ্যালি। তিনি বলেন, ‘আমরা পুরোপুরিভাবেই দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করি।
তবে পাশাপাশি বৃত্তের বাইরে গিয়েও অন্যকিছু ভাবছি।’ ব্যতিক্রমী পন্থায় ইসরাইল ও ফিলিস্তিনকে এক টেবিলে এনে আলোচনায় বসানোর জন্য সহায়তা করতে যুক্তরাষ্ট্র বরাবরই আগ্রহী বলেও জানান নিকি হ্যালি। এর আগে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের দূত নিকোলাই ম্লাদেনভ জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি ও ইসরাইলিদের উচ্চাকাক্সক্ষা পূরণ করতে দুই রাষ্ট্র সমাধানের পথ খোলা রাখাই একমাত্র উপায়। ফিলিস্তিন ইস্যুতে মার্কিন অবস্থান উদ্বেগজনক-ফ্রান্স : ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ মার্ক আইরো প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি স্থগিত করায় এ ইস্যুতে হোয়াইট হাউসের অবস্থান ‘দ্বিধাদ্বন্দ্বপূর্ণ এবং উদ্বেগজনক’। জার্মানির বনে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ সম্মেলনের অবকাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আইরো বলেন, ‘আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চেয়েছি যে, ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে ফ্রান্স দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া অন্য কিছু চিন্তা করে না।’ বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেসব কথা বলেছেন তা বাস্তব ও ভারসাম্যপূর্ণ নয় বলেও ফরাসি মন্ত্রী মন্তব্য করেন।
No comments:
Post a Comment