Sunday, February 5, 2017

২০২৪ সালে মঙ্গলে মানুষ পাঠাবেন টেসলা প্রধান মাস্ক!

ব্যস্ত সময়ের মধ্যে জীবন পার করছেন মার্কিন ধনকুবের ও প্রকৌশলী ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পরিষদে যোগ দেয়া, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে সমর্থন দেয়া ও হাইপারলুপ প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ চালু করা ছিল সাম্প্রতিক সময়ে তার উল্লেখযোগ্য কর্মকাণ্ড। বরাবরই ‘খ্যাপাটে’ ধরনের নতুন নতুন উদ্ভাবনী ধারণা ও মন্তব্য দিয়ে আলোচনায় স্থান নেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সৌরশক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান সোলারসিটির এই শীর্ষ ব্যক্তি। মাস্কের প্রকাশ করা এমন কিছু ‘খ্যাপাটে’ পরিকল্পনা আর মন্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সংবাদ সাইট বিজনেস ইনসাইডার। ২০২৪ সালের মধ্যে মানবজাতিকে মঙ্গল গ্রহে পাঠানো শুরু করবেন বলে জানিয়েছেন মাস্ক। তিনি বলেন, ‘আমরা মঙ্গলে যাওয়ার জন্য কার্গো ফ্লাইট প্রস্তুত করছি, যা মানুষের জন্য উপযুক্ত। প্রতি ২৬ মাসে একবার পৃথিবী এবং মঙ্গলের মিলনস্থল তৈরি হয় অর্থাৎ ২০১৮ সালে একবার এবং ২০২০ সালে একবার এমন সময় তৈরি হবে। আর আমি মনে করি,
যদি পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয় তবে ২০২৪ সালে আমরা মানুষ পাঠিয়ে ২০২৫ সালে পৌঁছে দিতে পারি।’ কোথাও মানুষ থাকলে তাদের সঠিকভাবে দেখভালের জন্য সরকারেরও দরকার হয়। এ বিষয়ও মাথায় রেখেছেন ইলন মাস্ক, মঙ্গলে সরকার গঠন নিয়েও আলোচনা করেছেন। তিনি বলেন, ‘আমি মনে করি মঙ্গলের সরকার কোনো প্রতিনিধি নয় বরং সরাসরি গণতন্ত্র হবে।’ তিনি আরও বলেন, ‘তাই এই বিষয়ে জনগণ সরাসরি ভোট দেবে এবং আমি মনে করি এটি হয়তো ভালো হবে কেননা গণতন্ত্রের দক্ষতা যথেষ্ট কমে গিয়েছে।’ মঙ্গলে মানুষের শুধুই বেঁচে থাকা নিয়ে আগ্রহী নন তিনি। তিনি চান সেখানে একটি থ্রাইভিং সিটি (একটি সমাজকল্যাণ প্রতিষ্ঠান যারা পৃথিবীর উন্নয়নের জন্য কাজ করে থাকে) বিদ্যমান থাকুক। মাস্ক জানান, এই লাল দুনিয়ায় (মঙ্গল) তিনি কাপড় আয়রন থেকে পিৎজা দোকান সব অন্তর্ভুক্ত করতে চান। তিনি বলেন, ‘আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শয়তানকে ডাকছি।’

No comments:

Post a Comment