Monday, February 20, 2017

যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি বলেছেন, মার্কিন সরকার পরমাণু সমঝোতা বাতিল করলে তার দেশের পরমাণু কর্মসূচিকে ২০১৫ সালের সমঝোতা পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেয়া হবে। লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। লারিজানি বলেন, পরমাণু সমঝোতা বাতিল হলে সবকিছু আগের অবস্থায় ফিরে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশ্চাত্যের সাথে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা বাতিল করতে পারেন বলে একাধিকবার যে ইঙ্গিত দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করলেন ইরানের পার্লামেন্ট স্পিকার। ট্রাম্প গত বছর নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বলেছিলেন,
তিনি নির্বাচিত হলে ইরানের পরমাণু সমঝোতা ছিঁড়ে ফেলবেন। এরপর ক্ষমতা গ্রহণ করে তিনি এই সমঝোতাকে একবার ‘নিকৃষ্টতম চুক্তি’ এবং আরেকবার ‘সবচেয়ে বাজে’ চুক্তি বলে অভিহিত করেন। ২০১৫ সালের ১৫ জুলাই জার্মানি এবং জাতিসঙ্ঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সাথে ইরানের পরমাণু সমঝোতা সই হয়। এটির বাস্তবায়ন শুরু হয় ২০১৬ সালের ১৬ জানুয়ারি। পরমাণু সমঝোতার ভিত্তিতে তেহরানের ওপর আরোপিত পরমাণু-সংশ্লিষ্ট নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের বিনিময়ে নিজের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে সম্মত হয়েছে ইরান।
সূত্র : ওয়েবসাইট

No comments:

Post a Comment