Saturday, February 18, 2017

কিম হত্যা: উত্তর কোরীয় নাগরিক গ্রেফতার

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশটির একটি নাগরিককে গ্রেফতারের কথা জানিয়েছে মালয়েশীয় পুলিশ। গ্রেফতার হওয়া এই ব্যক্তি হলেন ৪৬ বছরের রি জং চল। কিং নাম হত্যায় প্রথম উত্তর কোরীয় হিসেবে তাকে গ্রেফতার করা হলো। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এর আগে একজন ইন্দোনেশীয় নারী, একজন মালয়েশীয় পুরুষ এবং ভিয়েতনামের পাসপোর্টধারী একজন নারীকে গ্রেফতার করা হয়েছিল। গত মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ম্যাকাও যেতে বিমানের জন্য অপেক্ষাকালে কিম নামের মুখে বিষাক্ত গ্যাস স্প্রে করা হলে তিনি মারা যান বলে ধারণা করছে মালয়েশীয় পুলিশ।
পুলিশ বলছে, কিম নামকে হত্যায় জড়িত থাকার অভিযোগে সর্বশেষ গ্রেফতার রি জংকে শুক্রবার সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী সংলগ্ন সেলানগর থেকে গ্রেফতার করা হয়েছে। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি। এদিকে পুলিশ কিম নামের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেছে। তবে এ পরীক্ষার ফল এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি। উত্তর কোরিয়া দ্রুততম সময়ে কিম নামের মরদেহ দেশে পাঠাতে মালয়েশিয়ার কাছে দাবি জানিয়েছে।

No comments:

Post a Comment